টিউশন থেকে ফেরা হল না! গাছ ভেঙে পড়ে মৃত্যু দশম শ্রেণীর ছাত্রীর
কলকাতা: রাজ্যে কালবৈশাখীর দাপট কেড়ে নিল এক তরতাজা প্রাণ। বৃহস্পতিবার রাতে ঝোড়ো বৃষ্টির সময় গাছ চাপা পড়ে মৃত্যু হল দশম শ্রেণীর এক ছাত্রীর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার …
কলকাতা: রাজ্যে কালবৈশাখীর দাপট কেড়ে নিল এক তরতাজা প্রাণ। বৃহস্পতিবার রাতে ঝোড়ো বৃষ্টির সময় গাছ চাপা পড়ে মৃত্যু হল দশম শ্রেণীর এক ছাত্রীর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার পারুলিয়া কোস্টাল থানার অন্তর্গত আব্দালপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। (Kalbaishakhi storm death West Bengal)
মৃত ছাত্রীর নাম অঙ্কিতা কয়াল (১৫)। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় টিউশন পড়তে গিয়েছিল অঙ্কিতা। রাত সাড়ে ৮টার পর যখন আচমকা ঝেঁপে বৃষ্টি ও ঝড় শুরু হয়, তখন সে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। আব্দালপুর গ্রামের রাস্তায় একটি বড় গাছের তলা দিয়ে যাওয়ার সময় ঝড়ের দাপটে গাছটি উপড়ে সরাসরি তার গায়ের ওপর পড়ে।
শোকের ছায়া এলাকায়
গাছ চাপা পড়ে রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকে ওই কিশোরী। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মাত্র ১৫ বছর বয়সে ছাত্রীর এমন অকাল প্রয়াণে গোটা আব্দালপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছে অঙ্কিতার পরিবার।
পারুলিয়া কোস্টাল থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঝড়ের দাপটে এলাকায় আরও বেশ কিছু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: স্ক্রুটিনিতে ধরা পড়ল গলদ! ১৫ বুথে ‘রি-পোল’? কী বললেন সুব্রত গুপ্ত?