ইরানে হামলার ছক ট্রাম্পের? পেন্টাগনের গোপন ব্রিফিং, ইসরায়েলে ৬৫০০ টন মার্কিন অস্ত্র
ওয়াশিংটন: পশ্চিম এশিয়ার রণক্ষেত্রে কি এবার সরাসরি সংঘাতে জড়াতে চলেছে আমেরিকা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সেন্টকমের (CENTCOM) নয়া সামরিক পরিকল্পনা ব্রিফ করার খবর সামনে আসতেই বিশ্বজুড়ে তুঙ্গে উঠেছে …
ওয়াশিংটন: পশ্চিম এশিয়ার রণক্ষেত্রে কি এবার সরাসরি সংঘাতে জড়াতে চলেছে আমেরিকা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সেন্টকমের (CENTCOM) নয়া সামরিক পরিকল্পনা ব্রিফ করার খবর সামনে আসতেই বিশ্বজুড়ে তুঙ্গে উঠেছে জল্পনা। ‘অ্যাক্সিওস’-এর রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে প্রায় ৪৫ মিনিটের এক রুদ্ধদ্বার বৈঠকে ইরানে সম্ভাব্য হামলার ব্লু-প্রিন্ট পেশ করেছেন মার্কিন সেনার শীর্ষ আধিকারিকরা। (Trump briefed on CENTCOM Iran attack plan)
সূত্রের খবর, ইরানের ওপর চাপ বাড়াতে তিনটি বিশেষ পরিকল্পনা ট্রাম্পের সামনে রাখা হয়েছে-
বিধ্বংসী হামলা: ইরানের পরিকাঠামো লক্ষ্য করে একটি ‘স্বল্পস্থায়ী কিন্তু অত্যন্ত শক্তিশালী’ বিমান হামলার পরিকল্পনা করা হয়েছে।
হরমুজ প্রণালী দখল: বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সুগম করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাব দিয়েছে পেন্টাগন।
পরমাণু ভাণ্ডার নিয়ন্ত্রণ: ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার সুরক্ষিত করতে স্পেশাল ফোর্সের মাধ্যমে বিশেষ অভিযান চালানোর পরিকল্পনাও রয়েছে তালিকায়।
ইসরায়েলে অস্ত্রের পাহাড়
এদিকে ‘জেরুসালেম পোস্ট’-এর দাবি অনুযায়ী, গত ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলে রেকর্ড ৬৫০০ টন যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে আমেরিকা। দুটি বিশাল কার্গো জাহাজ এবং একাধিক বিমানে করে আসা এই সরঞ্জামের মধ্যে রয়েছে আধুনিক এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল, সামরিক ট্রাক এবং জয়েন্ট লাইট ট্যাকটিক্যাল ভেহিকেল (JLTV)। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ১ লক্ষ ১৫ হাজার টনের বেশি সামরিক সাহায্য পেয়েছে তারা।
ইরানের পাল্টা হুঁশিয়ারি
আমেরিকার এই তৎপরতায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বেলারুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তিনি দাবি করেন, আলোচনার মাঝপথেই আমেরিকা ও ইসরায়েল দু’বার ইরানে হামলা চালিয়েছে। ওয়াশিংটনের ওপর থেকে তেহরানের আস্থা পুরোপুরি চলে গিয়েছে এবং যে কোনও মুহূর্তে আমেরিকা ফের হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প যদিও অর্থনৈতিক অবরোধকে বেশি কার্যকর মনে করেন, তবে এই নয়া সামরিক পরিকল্পনা এবং ইসরায়েলে বিপুল অস্ত্র সরবরাহ ইঙ্গিত দিচ্ছে যে, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে প্রয়োজনে চরম পথ বেছে নিতেও পিছপা হবে না ওয়াশিংটন।