Riyan Parag smoking : ড্রেসিংরুমে ধূমপান রিয়ান পরাগের, কী পদক্ষেপ গ্রহন করল বোর্ড? - Bengali News | Massive Fine Imposed to Riyan Parag for Breach of Conduct in RR vs PBKS Match. - 24 Ghanta Bangla News
Home

Riyan Parag smoking : ড্রেসিংরুমে ধূমপান রিয়ান পরাগের, কী পদক্ষেপ গ্রহন করল বোর্ড? – Bengali News | Massive Fine Imposed to Riyan Parag for Breach of Conduct in RR vs PBKS Match.

Spread the love

কলকাতা: রিয়ান পরাগ (Riyan Parag) কি বড়সড় শাস্তি থেকে বেঁচে গেলেন? তাঁর ব্যাপারে প্রকাশ পাওয়া সাম্প্রতিক খবর তো তাই বলছে। ড্রেসিংরুমে ধূমপান করে বোর্ড থেকে সমর্থক – সবার চক্ষুশূল হয়েছিলেন রিয়ান। রাজস্থান বনাম পাঞ্জাব (RR vs PBKS) ম্যাচ তাঁরা জিতলেও এই ম্যাচ ঘিরে হওয়া বিতর্ক চরম ওঠে রিয়ানকে নিয়ে। ভাইরাল ভিডিও দেখেই রিয়ানের কাছে ঘটনাটির ব্যাখ্যা চেয়েছিল বোর্ড। তবে এবার রাজস্থান অধিনায়ককে শাস্তির কথা ঘোষণা করেছে ভারতীয় বোর্ড (BCCI)।

জনপ্রিয় একটি ক্রিকেট ওয়েবসাইট জানিয়েছে, রিয়ানের ম্যাচ ফিয়ের ২৫% কেটে নেওয়া হয়েছে। এই আইপিএলে রিয়ানকে ১৪ কোটি টাকা দিয়ে কিনেছে রাজস্থান। অর্থাৎ, ম্যাচ পিছু এক কোটি টাকা পান রিয়ান। একটি ম্যাচের ২৫% ফাইন মানে ২৫ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে রিয়ানকে। আইপিএলের নিয়মের ২.২১ নং ধারা অনুযায়ী শাস্তি পেয়েছেন রিয়ান। এই ধারা অনুযায়ী, ক্রিকেট খেলার মানহানির জন্য শাস্তি দেয় বোর্ড। সেই ধারার মধ্যে পড়ে রিয়ান পরাগের ‘ভেপিং অ্যাক্ট’। জরিমানার পাশাপাশি রিয়ানকে সতর্ক করে দিয়েছে ভারতীয় বোর্ড। ভবিষ্যতে একই ভুল করলে নির্বাসিত হতে পারেন রিয়ান। তাঁকে নোটিসও পাঠানো হয়েছে।

ভাইরাল হওয়া ফুটেজে দেখা গিয়েছে পাঞ্জাবের ব্যাটিং চলাকালীন ড্রেসিংরুমে ই-সিগারেটে সুখটান দিচ্ছেন রিয়ান। তাঁর হাতে ছিল একটি ভেপার। রিয়ানের মুখ থেকে ধোঁয়াও বেরোতে দেখা গিয়েছে। খেলার মাঠে নির্দিষ্ট জায়গা ছাড়া ধূমপান নিষিদ্ধ। এই নিয়মের অন্যথা হলে শাস্তি পেতে হতে পারে। আবার ই-সিগারেট সেবন করলে শাস্তি ও জরিমানার নিদান রয়েছে। তাই এই বার তাঁকে স্রেফ আর্থিক জরিমানা করলেও পরের বার আবার একই কাজ করলে নির্বাসনের কোপ পড়তে পারে রিয়ানের গলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *