Pakistan: ‘দেউলিয়া’ পাকিস্তান, ধুঁকছে অর্থনীতি, ইরানের যুদ্ধে পড়ল ভাঁড়ারে টান? – Bengali News | Pakistan Hit Hard by Iran US Conflict, PM Shahbaz Sharif Admits Economic Strain
ইসলামাবাদ : ইরান-আমেরিকার মধ্যে শান্তি ফেরাতে উদ্য়োগ নিয়েছে পাকিস্তান। দুই দেশের নেতাদের মুখোমুখি বৈঠকে বসানোর চেষ্টা অব্যাহত রেখেছে পাকিস্তান। তবে, দুই দেশের যুদ্ধে যে পাকিস্তান সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে, তা স্বীকার করে নিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী। দুই দেশের যুদ্ধে কার্যত দেউলিয়া পাকিস্তান। অর্থনীতিও ধুঁকছে।
পাকিস্তানের পরিস্থিতি নিয়ে কী বললেন শাহবাজ?
মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য রাখার সময় পাকিস্তানের অর্থনীতি পর্যালোচনা করেন শাহবাজ। তিনি জানান, ইরান-আমেরিকার যুদ্ধ পাকিস্তানের অর্থনীতিকে বড় ধাক্কা দিয়েছে। যুদ্ধের আগে পাকিস্তানের তেল আমদানির খরচ যেখানে ৩০০ মিলিয়ন ডলার ছিল। এখন তা বেড়ে হয়েছে ৮০০ মিলিয়ন ডলার। যা অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। বেশিদিন এরকম চললে ভাঁড়ার শূন্য হয়ে যেতে পারে। অর্থনৈতিক ভারসাম্য নড়ে গিয়েছে। জ্বালানি তেলের দামও বেড়েছে অনেকটাই। তিনি আরও উল্লেখ করেন, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে পেট্রোলিয়ামের ব্যবহার কমেছে। মুদ্রাস্ফীতি হয়েছে। শাহবাজ জানিয়েছেন, টাস্ক ফোর্স প্রতিদিন পরিস্থিতির পর্যবেক্ষণ করছে। চ্যালেঞ্জগুলো মোকাবিলার চেষ্টা করা হচ্ছে।
ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে পাকিস্তানের মধ্যস্থতা
মধ্যপ্রাচ্যের অশান্ত পরিবেশে শান্তি ফেরানোর চেষ্টা করছে ইসলামাবাদ। ১১ এপ্রিল পাকিস্তানেই ইরান ও আমেরিকার মধ্যে ম্যারাথন আলোচনা হয়েছে। ২১ ঘণ্টা ধরে চলেছিল বৈঠক। কিন্তু, নিটফল বেরোয় শূন্য। বৈঠক ফলপ্রসূ হয়নি। তবে, শাহবাজ দাবি করেছেন, এই প্রচেষ্টার ফলে ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয় এবং তা এখনও বহাল রয়েছে। তবে, দ্বিতীয় বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী মন্ত্রিসভাকে অবহিত করেছেন, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি তাঁর প্রতিনিধিদল নিয়ে পাকিস্তান সফর করেছেন এবং তার সঙ্গে দুই ঘণ্টার একটি বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন, আরাঘচি আশ্বাস দিয়েছেন ইরান তার অভ্যন্তরীণ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর ইতিবাচক সিদ্ধান্ত নেবে।