WB Elections 2nd Phase: ‘৬০ বছর ধরে ভোট দিচ্ছি, তবে এবার খুব দুঃখের ভোট’, কেন বললেন রঞ্জিত মল্লিক, কী অভিজ্ঞতা হল? – Bengali News | West Bengal Elections 2nd Phase: Ranjit Mallick cast his vote with Koel Mallick
কী বললেন রঞ্জিত ও কোয়েল মল্লিক?
বুধবার সকাল থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গে নানা এলাকায় ভোটপর্ব চলছে। বুথে বুথে সকাল থেকেই লম্বা লাইন। সাধারণ মানুষের পাশাপাশি ভোট দিচ্ছেন টলিউডের সেলেবরাও। এদিন টালিগঞ্জ গলফ ক্লাব রোডের বাঙুর হাইস্কুলে ভোট দিতে পৌঁছে গেলেন সস্ত্রীক রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক।
প্রায় ৬০ বছর ধরে ভোট দিচ্ছেন রঞ্জিত মল্লিক। একটিবারের জন্যও মিস করেনি তিনি। তাঁর কাছে ভোটাধিকার প্রয়োগ হল গণতান্ত্রিক অধিকার। তবে এবার ভোট দিলেও, তাঁর গলায় শোনা গেল আক্ষেপের সুর। তা কী বললেন রঞ্জিত মল্লিক?
ভোট দিয়ে বেরিয়েই বুথের সামনে দাঁড়িয়েই এদিন সাংবাদিকদের রঞ্জিত মল্লিক বলেন, আমি কখনই ভোট মিস করি না। প্রতিবার ভোট দেবই। সেটাই তো উচিত। তবে এবারের ভোটটা আমার কাছে খুব দুঃখের। কত লোক ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না। এমনটা আর কোনওবার হয়নি। এই ভোট আমার কাছে খুবই দুঃখের। তবে শেষমেষ চাই, ভোট যেন শান্তিপূর্ণ হয়।
রঞ্জিত মল্লিকের সঙ্গে ভোট দিতে এসেছিলেন অভিনেত্রী তথা তৃণমূলের রাজ্যসভা সাংসদ কোয়েল মল্লিক। তাঁর কথায়, ”আমি চাই সবাই যেন ভোট দেন। এটা একটা গণতান্ত্রিক অধিকার। দেশের ভালোর জন্য প্রতিটি মানুষকে দরকার, প্রতিটি মানুষের মতামত প্রয়োজন। খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে। যেদিন থেকে আমি ভোটাধিকার পেয়েছি, তবে থেকে আজ পর্যন্ত অভিজ্ঞতা বেড়েছে। সব সময় চেয়েছি দেশের উন্নতি, মানুষের উন্নতি। সবাই যেন ভালো থাকে, আনন্দে থাকে। এটা একটা গণতান্ত্রিক অধিকার। সবার প্রয়োগ করা উচিত। শান্তিপূর্ণ ভাবে যেন সবাই ভোট দিতে পারে।”