WB Elections 2nd Phase: 'সেলিব্রিটি ট্রিটমেন্ট চাই না', লাইনে দাঁড়িয়েই ভোট দিলেন মিঠুন চক্রবর্তী - Bengali News | Mithun chakraborty stands in queue to vote west bengal assembly elections - 24 Ghanta Bangla News
Home

WB Elections 2nd Phase: ‘সেলিব্রিটি ট্রিটমেন্ট চাই না’, লাইনে দাঁড়িয়েই ভোট দিলেন মিঠুন চক্রবর্তী – Bengali News | Mithun chakraborty stands in queue to vote west bengal assembly elections

Spread the love

অভিনয়ের রঙিন জগত হোক বা রাজনীতির ময়দান— মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) বরাবরই মেজাজে থাকেন। বুধবার সকালে কলকাতার বেলগাছিয়া এলাকার তাঁর ভোটকেন্দ্রে তাঁর উপস্থিতি ঘিরে তৈরি হয় প্রবল উন্মাদনা। তবে আর পাঁচজন তারকার মতো বিশেষ সুবিধা নয়, বরং সাধারণ ভোটারদের সঙ্গেই লম্বা লাইনে দাঁড়িয়ে ধৈর্য ধরে নিজের ভোটের প্রতীক্ষা করলেন তিনি। সোশাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই মহাগুরুর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

ভোট দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ‘মহাগুরু’। স্পষ্ট ভাষায় তিনি জানান, কোনও বিশেষ সুবিধা বা ‘সেলিব্রিটি ট্রিটমেন্ট’ তিনি চাননি। মিঠুন বলেন, “একজন সাধারণ নাগরিক হিসেবেই আমি ভোট দিতে এসেছি। আমি কোনও বাড়তি সুবিধা দাবি করিনি। আমার বিশ্বাস, নির্বাচন প্রক্রিয়া খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সমস্ত ব্যবস্থা সঠিকভাবে করার জন্য আমি নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাই।”

এদিন সকাল থেকেই কলকাতার বিভিন্ন বুথে (West Bengal Assembly Elections 2nd Phase) টলিউড তারকাদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, আবির চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়— প্রত্যেকেই সকালেই পৌঁছে যান ভোটকেন্দ্রে। ভোট দেওয়ার পর কালি লাগানো আঙুলের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে সাধারণ মানুষকেও ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন এই তারকারা।

চলচ্চিত্র জগতের পাশাপাশি রাজনীতির ময়দানেও মিঠুনের সফর বেশ দীর্ঘ। ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরে তাঁর সংসদীয় রাজনীতির সূচনা হয়েছিল। রাজ্যসভার সদস্য হলেও ২০১৬ সালে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দেন তিনি। এরপর লম্বা বিরতি কাটিয়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ব্রিগেডের মঞ্চে বিজেপিতে যোগ দেন তিনি। নিজে নির্বাচনে না লড়লেও বর্তমানে তিনি গেরুয়া শিবিরের অন্যতম প্রধান মুখ এবং অন্যতম জনপ্রিয় প্রচারক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *