Purba Bardhaman Election Irregularities: গলসিতে ভোটদান ঘিরে বিভ্রাট, উঠল ভয়ঙ্কর অভিযোগ – Bengali News | Voting Row in Galsi: Allegations of Denial of Voting Rights to Elderly and Disabled Voters at Booth 229
পূর্ব বর্ধমান: নির্বাচনের দিন প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য বিশেষ সুবিধার কথা নির্বাচন কমিশন বারবার বললেও, গলসিতে ধরা পড়ল তার উল্টো ছবি। পূর্ব বর্ধমানের গলসি বিধানসভার বামুনআড়া গ্রামের ২২৯ নম্বর বুথে বয়স্ক ও অসুস্থদের ভোটদানে বাধা দেওয়ার গুরুতর অভিযোগ ওঠে কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে।
বামুনআড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ওই বুথে এদিন সকাল থেকেই উত্তেজনা ছড়ায়। স্থানীয় ভোটারদের অভিযোগ, শোভারানি বেগম, শামু বিবি, সাবিলা বিবির মতো একাধিক প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম ভোটাররা যখন পরিবারের সদস্যদের সাহায্য নিয়ে ভোট দিতে যান, তখন তাঁদের বাধা দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, বিশেষভাবে সক্ষম বা প্রবীণদের সহায়তার অনুমতি থাকলেও, প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা সেই সুযোগ দেননি বলে দাবি পরিবারের।
লুৎফান্নেসা বিবি-সহ একাধিক ভোটারের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিবারের সদস্যদের বুথের ভেতরে ঢুকতে বাধা দেন। এর ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও অসুস্থ ভোটাররা চরম ভোগান্তির শিকার হন। ভোটারদের প্রশ্ন, যদি সরকারি স্তরে সহায়তার নিয়ম থাকে, তবে বুথে কেন তা মানা হচ্ছে না?
এই ঘটনাকে কেন্দ্র করে বুথ চত্বরে দীর্ঘক্ষণ উত্তেজনা থাকে। স্থানীয় বাসিন্দারা এই আচরণের প্রতিবাদে ক্ষোভ উগরে দেন। তবে এই বিষয়ে এখনও সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিক বা প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।