ফের সেঞ্চুরি, বিরাট-অভিষেককে ছুঁলেন বাবর আজ়ম
পাকিস্তান সুপার লিগ (PSL) ২০২৬-এর কোয়ালিফায়ারে দুরন্ত ফর্মে দেখা গেল বাবর আজ়মকে। তাঁর ঝোড়ো সেঞ্চুরির সৌজন্যে পেশোয়ার জ়ালমি মঙ্গলবার ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।
প্রথমে ব্যাট করে পেশোয়ার জ়ালমি ২০ ওভারে তোলে ২২১ রান, সাত উইকেট হারিয়ে এই রান করে তারা। এই রানের মূলে ছিলেন বাবর আজ়ম। তিনি মাত্র ৫৯ বলে ১০৩ রানের অসাধারণ ইনিংস খেলেন। জবাবে ইসলামাবাদ ইউনাইটেড ১৫১ রানে অলআউট হয়ে যায়, ফলে ৭০ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় জ়ালমি। আগামী ৩ মে অনুষ্ঠিত হবে ফাইনাল।
এই ম্যাচ শুধু দলের জয়ের জন্যই নয়, ব্যক্তিগতভাবেও স্মরণীয় হয়ে রইল বাবরের কাছে। অধিনায়ক হিসেবে এটি তাঁর নবম টি-২০ শতরান, যা এই ফরম্যাটে সর্বাধিক। তিনি এই কৃতিত্বে দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিকে (৮টি) পিছনে ফেলেছেন। তালিকায় ভারতের বিরাট কোহলি রয়েছেন চতুর্থ স্থানে, তাঁর অধিনায়ক হিসেবে ৫টি সেঞ্চুরি রয়েছে।
এছাড়াও বাবর আজ়ম এক দেশের মাটিতে সর্বাধিক টি-২০ শতরানের সংখ্যায় কোহলি ও অভিষেক শর্মার সঙ্গে একই আসনে জায়গা করে নিলেন। কোহলি ও অভিষেক ভারতে ৮টি শতরান করেছেন, বাবরও পাকিস্তানে ৮টি সেঞ্চুরি করে সেই তালিকায় নাম লেখালেন।
PSL-এর ইতিহাসেও এটি বাবরের চতুর্থ শতরান, যা উসমান খানের সঙ্গে যৌথভাবে সর্বাধিক। চলতি মরসুমে ইতিমধ্যেই তাঁর সংগ্রহ ৫৮৮ রান, যা ২০২২ সালে ফখর জ়ামানের করা সর্বাধিক রানের রেকর্ডের সমান।
ম্যাচ শেষে বাবর বলেন, ‘ধীরে ধীরে আমি নিজের সেরা ফর্মে ফিরছি বলে মনে হচ্ছে। সহজভাবে খেলতে চাই, নিজের দক্ষতায় ভরসা রেখে পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে চাই। PSL-এর আগে যে পরিশ্রম করেছি, তার ফল এখন পাচ্ছি। আগের মতো সব ঠিক ছিল না, কিন্তু এখন ছন্দে ফিরছি এবং এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’
তিনি আরও যোগ করেন, ‘পাওয়ারপ্লেতে ভালো শুরু পেলে পরে স্বাভাবিক খেলা খেলতে সুবিধা হয়। হ্যারিস যেভাবে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে, সেটা দলকে বড় সাহায্য করে। এরপর আমি নিজের ভূমিকা পালন করে সেই গতি ধরে রাখার চেষ্টা করি।’