IIT Kharagpur Student Death: ১৮ তারিখের পর ২৮, এক মাসেই দুই ছাত্রের মৃতদেহ উদ্ধারে শোরগোল খড়গপুরে – Bengali News | Second Student Death in 10 Days at IIT Kharagpur Sparks Concern Over Campus Safety
শোকের ছায়া ক্য়াম্পাসে Image Credit: TV 9 Bangla
খড়গপুর: ঠিক ১০ দিনের মাথায় ফের একই ঘটনার পুনরাবৃত্তি। খড়গপুর আইআইটিতে আবারও এক ছাত্রের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম সোহম হালদার। ২২ বছরের ওই ছাত্রের বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতের শালবাগান এলাকায়। খড়গপুর আইআইটির মদন মোহন মালব্য হলে থাকছিল ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের এম টেকের ওই ছাত্র।
সকাল থেকে হলের দরজা না খোলায় সোহমের বন্ধুদের মধ্যে শোরগোল শুরু হয়ে যায়। তাঁরাই খবর দেন সিকিউরিটিকে। শেষ পর্যন্ত খবর চলে যায় পুলিশের কাছে। পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে। দ্রুত বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন।
প্রসঙ্গত, এর আগে গত ১৮ তারিখ অটল বিহারি বাজপেয়ী হল থেকে এক ছাত্রের ঝাঁপ দিয়ে আত্মহত্যার খবর পাওয়া যায়। তাঁকেও উদ্ধার করে বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাঁর নাম জয়বীর সিং ডোডিয়া। তাঁর বয়স মাত্র ২১ বছর। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। আহমেদাবাদের বাসিন্দা ওই ছাত্র থাকছিল নেহেরু হলে। এদিকে ২০২৫ সালের শুরু থেকেই খড়গপুরে একের পর এক ছাত্রের মৃত্যুর খবরে শোরগোল পড়ে যায় শিক্ষা মহলে। পরিসংখ্যান বলছে, গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সাতজন ছাত্র প্রাণ হারিয়েছেন। তা নিয়েও বিস্তর চাপানউতোর হয়। এবার নতুন করে আরও এক ছাত্রের মৃত্যুর ঘটনায় চাপানউতোর।