Adhir on TMC: ‘…বিজেপির সঙ্গে লাইন করা শুরু হয়ে গেছে’, রেজাল্টের আগেই বড় কথা অধীরের – Bengali News | Congress leader Adhir Ranjan Chowdhury Attack TMC In Murshidabad
অধীর চৌধুরী, কংগ্রেস প্রার্থীImage Credit: Tv9 Bangla
মুর্শিদাবাদ: ভোটের ফলপ্রকাশের আগে বিস্ফোরক দাবি অধীর রঞ্জন চৌধুরীর। এখানে যাঁরা হারবেন তাঁরা যোগসাজশ শুরু করেছেন। বিজেপির হাত-পা ধরে টিকে থাকার চেষ্টা করছেন তৃণমূল নেতারা। বহরমপুরের তৃণমূলের নেতারা বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। পুরসভায় আলোচনা হয়ে গিয়েছে দাবি বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী।
কী বলছেন অধীর?
সাংবাদিক বৈঠক থেকে কংগ্রেস প্রার্থী বলেন, “এখানে তৃণমূলের যাঁরা-যাঁরা হারবে তাঁরা বিজেপির সঙ্গে লাইন করতে লেগে গিয়েছে। হাত-পা ধরে যদি আগামী দিনে টিকে থাকা যায়। বহরমপুরের তৃণমূল নেতারা বিজেপি হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। পৌরসভায় আলোচনা হয়ে গিয়েছে। মালকড়ি কামানো পার্মানেন্ট করতে তৃণমূল নেতারা বিজেপিতে যাওয়ার পরিকল্পনা চলছে।”
তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “হারবেন তো অধীর চৌধুরী। হারবেন তো বিজেপির এজেন্টরা। তৃণমূল বহরমপুর লোকসভা জিতেছে, বহরমপুর বিধানসভাও জিতবে। কারা সেটিং করছে তা অধীরবাবুর বক্তব্যেই পরিষ্কার। ঠিকই বলেছেন, যাঁরা হারবেন মানে অধীর চৌধুরীই সেটিং করছেন। কারণ বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার ক্ষমতা কারও নেই। সেটা অধীরবাবু বুঝে গিয়েছেন।”
প্রসঙ্গত, কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী গত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের বিপরীতে লড়াই করেছিলেন। তবে, পরাজিত হন তিনি। এরপর ছাব্বিশের ভোটে তিনি বিধায়ক পদের জন্য লড়াই করছেন। প্রচারের সময় একাধিকবার তৃণমূলের বাধার মুখ পড়তে হয়েছে অধীর চৌধুরীকে বলে অভিযোগ। সেই সময় থেকেই কংগ্রেস নেতা দাবি করেছিলেন যে, তৃণমূল পরাস্ত হবে বলেই তাঁর প্রচারে বাধা দিচ্ছে। অথচ বহরমপুর বিধানসভায় একুশের ভোটে জয়ী হয়েছিল বিজেপি। অধীরের প্রশ্ন ছিল, তাহলে কেন বিজেপি নয়, শুধু তাঁরই প্রচারে বাধা দেওয়া হচ্ছে? তবে কি তৃণমূল ভয় পাচ্ছে? এই সবের মধ্যেই এবার বড় মন্তব্য করে বসলেন অধীর।