Microsoft: এআই যুগ, ছাঁটাই নয়, কর্মীদের স্বেচ্ছাবসর নিতে হবে! বড় সিদ্ধান্ত মাইক্রোসফটের – Bengali News | Microsoft to offer voluntary retirement to its senior employees
নয়া দিল্লি :এআই যুগে একের পর এক কর্মী ছাঁটাইয়ের খবর সামনে আসছে। দিন কয়েক আগেই কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে মেটা (Meta)। মে মাসে প্রায় ৮ হাজার কর্মী চাকরি খোয়াতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে। মাইক্রোসফটও কর্মী ছাঁটাই করা হবে বলে খবর প্রকাশ্যে এসেছিল। তবে, এখন জানা যাচ্ছে, ওই সংস্থায় কর্মী ছাঁটাই হচ্ছে না। তবে, চাকরিও থাকছে না কিছু সংখ্যক কর্মীদের। তাহলে বিষয়টা কী?
বিষয়টা হল ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট। অর্থাৎ স্বেচ্ছাবসর। চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই সংস্থার কিছু সংখ্যক কর্মীদের স্বেচ্ছাবসর অফার দেবেন সংস্থা। মূলত, সংস্থার সবথেকে পুরনো কর্মীদের সেই প্রস্তাব দেওয়া হবে বলে খবর। স্বেচ্ছাবসর হল চাকরির মেয়াদ শেষের আগেই কোম্পানি তাদের কর্মীকে একটা বিশেষ প্যাকেজ দেবেন আর তার বদলে চাকরি ছেড়ে দিতে হবে। এমন এক সময়ে যখন অ্যামাজন এবং ওরাকলের মতো বেশিরভাগ কোম্পানি কর্মী ছাঁটাই করছে, তখন মাইক্রোসফট তার পুরোনো কর্মীদের এই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিচ্ছে। খুব শীঘ্রই কর্মীদের কাছে অফার দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে, উল্লেখ্যস এর আগে প্রায় ১৫ হাজার কর্মী ছাঁটাই করেছিল মাইক্রোসফট।
ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট কাদের দেওয়া হবে ?
সিনিয়র কর্মীদের জন্য এই বিশেষ সুযোগ থাকছে। সেক্ষেত্রে যাঁদের চাকরির মেয়াদ ও বয়স যোগ করলে ৭০ বা তার বেশি হয়, তাঁরাই এই সুযোগ পাবেন। অর্থাৎ, ৫০ বছর বয়সী একজন কর্মী যিনি ২০ বছর ধরে কাজ করেছেন, তিনি এই সুবিধা যেমন পাবেন, তেমনই ৫৫ বছর বয়সী কোনও ব্যক্তি যাঁর ১৫ বছরের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে, তিনিও কিন্তু যোগ্য।
আমেরিকায় মাইক্রোসফটে প্রায় ১ লক্ষ ২৫ হাজার কর্মী রয়েছেন বলে জানা গিয়েছে। যার প্রায় ৭ শতাংশ এই স্বেচ্ছাবসরের জন্য নির্বাচিত হয়েছেন। অর্থাৎ প্রায় ৮,৭৫০ জন কর্মী। অবশ্য অতীতে গুগল এই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল। তবে, স্বল্প পরিসরে কর্মীকে স্বেচ্ছাবসর দিয়েছিল সংস্থা। তবে, ইতিহাসে এই প্রথমবার মাইক্রোসফট এত বড় পরিসরে স্বেচ্ছাবসরের সুযোগ দিচ্ছে। তবে মনে করা হচ্ছে, অনেকেই হয়তো এই প্রস্তাব নাও মানতে পারেন। সেক্ষেত্রে যাঁরা মানবেন না, তাঁদের কি চাকরি পুরো চলে যাবে, নাকি অন্য ব্যবস্থা নেবে সংস্থা? সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করা হয়নি।