জানেন কেন এক সপ্তাহ না খেয়ে কাজ করতে হয় আমিরকে? – Bengali News | When Aamir Khan was Scolded by Assistant Director Reema Kagti on Lagaan Sets
ক্যামেরার পেছনের গল্পগুলো কি সবসময় ততটাই মসৃণ ছিল?
‘লগন’ মানেই চোখের সামনে ভেসে ওঠে ধুলো ওড়া মাঠ, ক্রিকেট আর ব্রিটিশদের বিরুদ্ধে জেতার অদম্য জেদ। কিন্তু ক্যামেরার পেছনের গল্পগুলো কি সবসময় ততটাই মসৃণ ছিল? একদমই নয়। সম্প্রতি বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান খোলসা করেছেন এমন এক অভিজ্ঞতার কথা, যেখানে খোদ ছবির প্রযোজক ও নায়ক হয়েও তাঁকে কড়া শাসন শুনতে হয়েছিল এক সহকারী পরিচালকের কাছে। সেই ধমকের চোটে শেষমেশ সাতদিন না খেয়েও থাকতে হয়েছিল তাঁকে!
ঘটনাটি ঘটেছিল ‘লগন’ ছবির শুটিং চলাকালীন। তখন রীমা কাগতি ছিলেন ছবির সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তাঁর কাঁধেই ছিল গোটা ইউনিটের সময় সারণী বা শিডিউল সামলানোর দায়িত্ব। আমির খান এক সাক্ষাৎকারে মজার ছলে জানান, তিনি বরাবরই একটু ধীরস্থির মানুষ। বিশেষ করে ব্রেকফাস্ট করার সময় তাঁর বেশ সময় লাগে। রীমা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, প্রাতরাশের জন্য মাত্র ১৫ মিনিট সময় বরাদ্দ। আমির অনুরোধ করেছিলেন, তাঁর দেরি হয় বলে তাঁকে যেন ১৫ মিনিট আগে ডেকে নেওয়া হয়। কিন্তু রীমা ছিলেন অনড়। তিনি সাফ জানিয়ে দেন, “আপনার জন্য মেকআপ আর হেয়ার টিম ১৫ মিনিট আগে আসবে না।”
আমির অবাক হয়ে ভাবেন, “আমি এই ছবির প্রযোজক, আর ও আমাকেই এভাবে বকছে!” রীমার সেই কড়া কথা গায়ে লেগেছিল আমিরের। অভিমানে তিনি বলে বসেন, “ঠিক আছে, কাল থেকে আর ব্রেকফাস্টই করব না।” তাতেও রীমা দমে যাওয়ার পাত্রী নন, বরং উল্টে বলেছিলেন, “খুব ভালো, তাহলে অন্তত সময়মতো শট দিতে পারবেন।” ফলস্বরূপ, টানা এক সপ্তাহ না খেয়েই কাজ করতে হয়েছিল আমিরকে। শেষে শরীরের ওপর ধকল যাচ্ছে দেখে ফের ব্রেকফাস্টের টেবিলে ফিরে আসেন তিনি।
শুধুমাত্র রীমা কাগতি নন, ছবির পরিচালক আশুতোষ গোয়ারিকরও সেটে নিয়মের ব্যাপারে ছিলেন ভীষণ কঠোর। সে সময়কার আর একটি অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন চলচ্চিত্র নির্মাতা অপূর্ব লাখিয়া। শুটিং লোকেশনে যাওয়ার জন্য ইউনিটের বাস ছাড়ার একটা নির্দিষ্ট সময় ছিল। দেরি করার জন্য মাত্র ৩ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হত।
তৃতীয় দিনে দেখা যায় আমির খান আসতে সামান্য দেরি করেছেন। নিরাপত্তার দায়িত্বে থাকা রণিত রায় বাসের দরজায় দাঁড়িয়ে আমিরের অপেক্ষা করছিলেন। কিন্তু অপূর্ব লাখিয়া তখন কড়া সিদ্ধান্ত নেন। তিনি ড্রাইভারকে নির্দেশ দেন বাস ছেড়ে দেওয়ার জন্য। ড্রাইভার রাজি না হওয়ায় রণিত রায়কে ধাক্কা দিয়ে বাস থেকে নামিয়ে দিয়ে এবং ড্রাইভারকে ধমক দিয়ে বাস স্টার্ট করান অপূর্ব। ভাবা যায়, খোদ সুপারস্টারকে ফেলেই সেদিন বাস চলে গিয়েছিল গন্তব্যে!