Howrah Local Train Problem: ব্রেক বাইন্ডিংয়ের জেরে চুঁচুড়া স্টেশনে দাঁড়িয়ে গেল ডাউন বর্ধমান-হাওড়া লোকাল! – Bengali News | Bardhaman Local came to a halt between Hooghly and Chinsurah stations due to brake binding
চুঁচুড়া: সকালের ব্যস্ত সময়ে যান্ত্রিক বিভ্রাট। সমস্যায় নিত্য যাত্রীরা। ব্রেক বাইন্ডিংয়ের জেরে হুগলি ও চুঁচুড়া স্টেশনের মাঝে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকল ডাউন বর্ধমান-হাওড়া লোকাল। এর ফলে অফিস টাইমে চরম ভোগান্তির শিকার হলেন কয়েক হাজার রেলযাত্রী।
রেল সূত্রে জানা গিয়েছে, ডাউন বর্ধমান লোকালটির নির্ধারিত সময়েই ৭টা ৯ মিনিটে চুঁচুড়া স্টেশনে ঢোকার কথা ছিল। কিন্তু হুগলি স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ট্রেনের চাকায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ‘ব্রেক বাইন্ডিং’ হয়ে যাওয়ায় চাকা জ্যাম হয়ে যায়। যার জেরে ট্রেনটি মাঝপথেই দাঁড়িয়ে পড়ে। যদিও ততক্ষণে যাত্রীরা তা বুঝতে পারেননি।
প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ট্রেনটি একইভাবে দাঁড়িয়ে থাকায় চাপানউতোর বাড়তে থাকে যাত্রীদের মধ্যে। শেষ পর্যন্ত উপায় না দেখে অনেক যাত্রী ট্রেন থেকে নেমে লাইন দিয়ে হেঁটে চুঁচুড়া স্টেশনের দিকে রওনা দেন। পরিস্থিতি সামাল দিতে যাত্রীরা পরবর্তী ডাউন ব্যান্ডেল লোকাল ধরেন। তবে এই সমস্যার প্রভাব পড়ে অন্যান্য ট্রেনের উপরেও। বর্ধমান লোকাল আটকে থাকায় পিছন থেকে আসা ব্যান্ডেল লোকালটিও নির্ধারিত সময়ের থেকে প্রায় ১৫ মিনিট দেরিতে চুঁচুড়া স্টেশনে পৌঁছায়।
খবর পেয়েই রেলের কারিগরি দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। রেল সূত্রে জানানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় ব্রেক বাইন্ডিংয়ের সমস্যাটি মেরামত করা হয়। মেরামত শেষ হওয়ার পর ডাউন বর্ধমান লোকালটি পুনরায় হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। রেলের দাবি, বর্তমানে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে দিনের শুরুতেই এমন বিভ্রাটের কারণে গন্তব্যে পৌঁছাতে দেরি হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন নিত্যযাত্রীরা।