Weather Update: রবিবার থেকে রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট, মৎস্যজীবীদের সতর্ক করা হল, দ্বিতীয় দফা ভোটের আগে বড় আপডেট - Bengali News | Weather Update: Orange Alert in part of South Bengal, Know the updates - 24 Ghanta Bangla News
Home

Weather Update: রবিবার থেকে রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট, মৎস্যজীবীদের সতর্ক করা হল, দ্বিতীয় দফা ভোটের আগে বড় আপডেট – Bengali News | Weather Update: Orange Alert in part of South Bengal, Know the updates

Spread the love

কলকাতা: কাঠফাটা গরমে হল প্রথম দফার ভোট। প্রবল গরমে সকাল থেকে লাইন দিয়ে, ১৬টি জেলায় ৯০ শতাংশের বেশি মানুষ ভোট দিয়েছেন। বাকি আরও এক দফা। ২৯ এপ্রিল অর্থাৎ আগামী বুধবার দ্বিতীয় দফার ভোট। তার আগে কি কিছুটা স্বস্তি দেবে আবহাওয়া?

ঝড়-বৃষ্টি পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর বলছে, আপাতত গরম না কমলেও আগামী কয়েকদিনের মধ্যে মিলবে স্বস্তি। রয়েছে ঝড়-বৃষ্টি পূর্বাভাস।

এপ্রিল মাসের শুরুর দিকে গরম প্রবল থাকলেও, শেষ ক’দিনে তাপমাত্রা কমার আশা রয়েছে। আগামিকাল, শনিবার থেকে বৃষ্টির জোরালো সম্ভাবনা তৈরি হচ্ছে রাজ্যে। আগামী রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হচ্ছে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা। সেই সঙ্গে ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী শনিবার ও রবিবার উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এই জেলাগুলিতে ৫০ কিলোমিটার গতিবেগে বা তার বেশি গতিতে ঝড়ো হওয়া বইতে পারে।

মৎস্যজীবীদের সতর্কবার্তা

আগামী রবিবার ও সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বঙ্গোপসাগরের উপকূল এলাকায় ৬০ কিলোমিটার গতিবেগে সমুদ্রের উপর ঝড়ো হাওয়া বইবে। সমুদ্র উত্তাল থাকবে।

শুক্রবারও ৪০ ডিগ্রি

আজ শুক্রবারও গরম ও অস্বস্তি চরমে থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমের চার জেলায় গরম ও অস্বস্তির সতর্কবার্তা দেওয়া হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি বা তার কিছু বেশি। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে বাড়বে গরম। অস্বস্তি থাকবে কলকাতা সহ সব জেলাতেই। শুকনো পশ্চিমী হাওয়ায় গরম বাড়ছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। জলীয় বাষ্প বাতাসে বেশি থাকায় অস্বস্তি চরমে।

তবে বিকেলের দিকে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত থাকবে এই অস্বস্তি।

উপরের পাঁচ জেলায় প্রবল বৃষ্টি

উত্তরবঙ্গে দার্জিলিং সহ ওপরের দিকের পাঁচ জেলায় ঝড়-বৃষ্টি চলবে। দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনি ও রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে পার্বত্য জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বইবে ঝড়। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উপরের দিকের জেলায়।

কলকাতার তাপমাত্রা

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার অর্থাৎ ভোটের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৫ থেকে ৯১ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *