শাহরুখ থাকছেন ভাড়া বাড়িতে, ম্যানেজার পূজা কিনলেন বিলাসবহুল ফ্ল্যাট! জানেন দাম কত? - Bengali News | Shah rukh khans manager pooja dadlani buys three apartments in mumbai worth rs 38 crore - 24 Ghanta Bangla News
Home

শাহরুখ থাকছেন ভাড়া বাড়িতে, ম্যানেজার পূজা কিনলেন বিলাসবহুল ফ্ল্যাট! জানেন দাম কত? – Bengali News | Shah rukh khans manager pooja dadlani buys three apartments in mumbai worth rs 38 crore

মুম্বইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় নতুন ঠিকানা গড়লেন শাহরুখ খানের ব্র্যান্ড ম্যানেজার পূজা দাদলানি। সরকারি রেজিস্ট্রেশন নথি (CRE Matrix) অনুযায়ী, পূজা তাঁর স্বামী হিতেশ প্রকাশ এবং বাবা মোহন শিউরাম দাদলানির সঙ্গে মিলে কার্টার রোডে তিনটি প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট কিনেছেন। এই মেগা ডিলের মোট অর্থমূল্য প্রায় ৩৮.২১ কোটি টাকা।

কার্টার রোডের ‘বরুণ’ নামক একটি পুনর্নির্মাণ প্রকল্পের উঁচু তলায় এই তিনটি ফ্ল্যাট কিনেছেন তাঁরা। প্রতিটি ফ্ল্যাটের কার্পেট এরিয়া ১,৫১১.১৫ বর্গফুট এবং সঙ্গে রয়েছে ৮১.১৬ বর্গফুটের বিশাল ব্যালকনি। সব মিলিয়ে প্রায় ৪,৭৭৬ বর্গফুট এলাকা জুড়ে তাঁদের এই নতুন রাজপ্রাসাদ। লোটাস ডেভেলপার্সের অধীনে থাকা ট্রিক্সা রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই ফ্ল্যাটগুলি কেনা হয়েছে। গত ২১ এপ্রিল এই লেনদেনের প্রক্রিয়া সম্পন্ন হয়, যার জন্য ২.১৬ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি এবং ৯০ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া হয়েছে। এই চুক্তির সঙ্গে ছয়টি পার্কিং স্পটও পেয়েছেন তাঁরা।

পাবলিক প্রোফাইল খুব একটা সামনে না আনলেও, পূজা বিনোদন জগতের অন্যতম প্রভাবশালী নাম। দীর্ঘ সময় ধরে তিনি শাহরুখ খানের ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং পাবলিক অ্যাপিয়ারেন্স সামলাচ্ছেন। ২০২৩ সালে তাঁর আগের বাড়ির অন্দরসজ্জা যখন বদলে গিয়েছিল, তখন খোদ শাহরুখ খান সেখানে উপস্থিত হয়েছিলেন। উল্লেখ্য, পূজার সেই বাড়ির ভোল বদলে দিয়েছিলেন গৌরী খান স্বয়ং।

পূজা যখন ৩৮ কোটির বাড়ি কিনছেন, তখন শাহরুখ খান নিজে কিন্তু আপাতত ভাড়াবাড়িতে দিন কাটাচ্ছেন। তাঁর আইকনিক বাংলো ‘মন্নত’-এ মেরামতির কাজ চলায় গত বছর ফেব্রুয়ারি মাসে তিনি খারে দুটি লাক্সারি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট লিজ নিয়েছেন। তিন বছরের জন্য সেই লিজে শাহরুখ খরচ করেছেন প্রায় ৮.৬৭ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *