Asansol Election 2026: 'এবার ভোট গুরুত্বপূর্ণ...ভুল করলে ভগবানও বাঁচাতে পারবে না', মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর - Bengali News | Central Minister J Kisan Reddi Slams TMC - 24 Ghanta Bangla News
Home

Asansol Election 2026: ‘এবার ভোট গুরুত্বপূর্ণ…ভুল করলে ভগবানও বাঁচাতে পারবে না’, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর – Bengali News | Central Minister J Kisan Reddi Slams TMC

Spread the love

আসানসোল: ‘এবার ভুল করলে বাংলাকে বাঁচাতে পারবে না…।’ বাংলার ভোটের আগে-আগে ঠিক এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষান রেড্ডি। কুলটি বিধানসভার বিজেপি প্রার্থী ডাক্তার অজয় পোদ্দারের সমর্থনে এসেছিলেন তিনি। সেখানে দাঁড়িয়েই এমনই মন্তব্য করেন। একই সঙ্গে সোমবার বরাকরের মাইথন রোডের একটি হোটেলে ভারতীয় মজদুর সংঘ (BMS) অনুমোদিত কয়লা খনি শ্রমিকদের সঙ্গে এক বিশেষ রুদ্ধদ্বার বৈঠক ও জনসভায় অংশ নেন তিনি।

​বাংলা ও বাংলাদেশের প্রসঙ্গ টেনে প্রথমেই নিজের ​বক্তব্যের শুরুতেই মন্ত্রী রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “এবার ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩০ বছরের সিপিএম শাসন এবং তিন দফার তৃণমূল সরকারের পর বাংলার প্রেক্ষাপট আজ বদলে গিয়েছে। এবার ভুল করলে বাংলাকে ভগবানও বাঁচাতে পারবে না। আগামী দিনে বাংলার পরিস্থিতি বাংলাদেশের থেকেও ভয়াবহ হয়ে উঠবে।”

পরবর্তীতে, নারী সুরক্ষা প্রসঙ্গে আরজি করের ঘটনার পরোক্ষ উল্লেখ করে তিনি বলেন, “সীমান্ত এলাকায় মা-বোনেরা সুরক্ষিত নন। এক ডাক্তার ছাত্রীর সঙ্গে কী নৃশংসতা হলো তা সবাই দেখেছে। ইউপি-বিহারে আমরা মাফিয়া রাজ খতম করেছি, অত্যাচারীদের ওপর বুলডোজার চালিয়েছি,কিন্তু বাংলায় মাফিয়া রাজ চলছে।”

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “৬০-এর দশকে বাংলা ছিল শিল্পের প্রাণকেন্দ্র। আজ সেই ঐতিহ্য কোথায়? আমি দেশের কয়লা মন্ত্রী হিসেবে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এই রাজ্যে কোল ইন্ডিয়ার থেকে বেশি কয়লা আজ মাফিয়াদের দখলে। পুলিশ চুরির অভিযোগ নেয় না।” তিনি আরও যোগ করেন, “আমি হায়দরাবাদের সাংসদ। অনেক বিনিয়োগকারী আমার কাছে আসেন, কিন্তু মাফিয়ারাজ আর কাটমানির ভয়ে তারা বাংলায় বিনিয়োগ করতে চান না।”

​মোদীর ওপরই ভরসা ​বুদ্ধিজীবী ও শিক্ষিত সমাজকে রাজনীতির ঊর্ধ্বে উঠে ভাবার আবেদন জানিয়ে তিনি বলেন, “বিজেপি জয়ী হবে কি হবে না, সেটা বড় কথা নয়। কিন্তু বাংলার অস্তিত্ব রক্ষার সময় এসেছে। কংগ্রেস,সিপিএম বা তৃণমূল কেউই বাংলার ভবিষ্যৎ নিয়ে ভাবেনি। রাজ্যকে এই ধ্বংসের হাত থেকে একমাত্র নরেন্দ্র মোদীই বাঁচাতে পারেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *