Narendrapur OC Transfer: নরেন্দ্রপুরের ওসি বদল, সোজা বিজেপি যোগের অভিযোগ তুলে কমিশনে তৃণমূল – Bengali News | Narendrapur OC Transfer Sparks Row: TMC Alleges BJP Link, Writes to Election Commission
নরেন্দ্রপুর থানার আগের ওসি সুরিন্দর সিংImage Credit: TV 9 Bangla
নরেন্দ্রপুর: রাজনৈতিকভাবে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল বিজেপি। কমিশনেও গিয়েছিল। ভোটের মুখে সরিয়ে দিয়েছিল কমিশন। কিন্তু সেই নরেন্দ্রপুর থানার আইসি বদলকে কেন্দ্র করে এবার জোরদার রাজনৈতিক চাপানউতোর। নরেন্দ্রপুর থানার ওসি সুরিন্দর সিংকে সরিয়ে তাঁর জায়গায় দায়িত্বে আনা হয়েছে প্রসেনজিৎ বিষ্ণুকে। কিন্তু এখানেই আপত্তি তৃণমূলের। এবার তাঁদের তরফে আবার বিজেপি যোগের অভিযোগ তোলা হচ্ছে। কমিশনে লিখিত অভিযোগোও জানানো হয়েছে বলে খবর।
দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তথা সাংসদ ডেরেক ও ব্রায়েন কমিশনকে চিঠি দিয়েছেন বলে জানা যাচ্ছে। ওই চিঠিতেই দাবি করা হয়েছে, নতুন আইসি প্রসেনজিৎ বিষ্ণু এবং সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর একে অপরের খুবই ঘনিষ্ঠ। পড়াশোনাও একই স্কুলে। প্রায়শই নানা সামাজিক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়। এই তথ্য তুলে ধরেই প্রসেনজিতকে সরানোর দাবিতে সরব হয়েছে রাজ্যের শাসক শিবির।
প্রশ্ন তুলেছেন তৃণমূল প্রার্থী ফিরদৌসী বেগমও। তাঁর অভিযোগ, নিরপেক্ষ ওসি দেওয়ার প্রয়োজন থাকলেও হঠাৎ করে আগের ওসিকে কেন সরানো হল, তার কোনও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। তাঁর সাফ কথা, নিজেদের পছন্দমতো অফিসারকে বসানো হয়েছে। এর ফলে ভোট কতটা নিরপেক্ষ হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে চুপ করে নেই বিজেপিও। পাল্টা বিজেপির প্রার্থী দেবাশিস ধর বলছেন, তিনি নিজে প্রাক্তন পুলিশ আধিকারিক হওয়ায় অনেকের সঙ্গেই তাঁর পরিচয় রয়েছে। আর আগের ওসির বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ছিল বলেই তাঁকে সরানো হয়েছে। এখন নতুন ট্রান্সফারের সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।