G Kishan Reddy in WB: ‘প্রতিটি মেট্রিক টন থেকে টাকা আদায় হয়েছে’, ভোটবঙ্গে প্রচারে এসে কয়লা মাফিয়ারাজ নিয়ে সরব জি কিসান রেড্ডি – Bengali News | Union Minister G Kishan Reddy Slams TMC in Bengal Over Coal Scam, ‘Mafia Raj’ and Industrial Decline
জি কিসান রেড্ডি, কেন্দ্রীয় কয়লামন্ত্রীImage Credit: TV9 Bangla
নিজস্ব প্রতিবেদন: ভোটপ্রচারে বঙ্গে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী জি কিসান রেড্ডি। দুদিনের সফরসূচির প্রথম দিন থেকেই শিল্পে দুর্নীতি, কয়লা মাফিয়া এবং অনুপ্রবেশের মতো স্পর্শকাতর ইস্যু নিয়ে শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করালেন তিনি।
কয়লা-দুর্নীতি ও শিল্পে ভাটা
এদিন মন্ত্রী অভিযোগ করেন, একসময়ে শিল্পের জন্য সারা দেশে বিখ্যাত বাংলা আজ তৃণমূলের ‘মাফিয়ারাজ’-এর কারণে ধুঁকছে। রেড্ডির কথায়, “কয়লায় প্রতিটি মেট্রিক টন থেকে টাকা আদায় করে তৃণমূল। এই সিন্ডিকেটের কারণেই কোলিয়ারি এলাকায় উন্নয়নের ছিটেফোঁটাও পৌঁছয়নি। মাফিয়াদের সরাসরি মদত দেয় তৃণমূল সরকার।” তিনি জানান, বাংলার মানুষ পরিশ্রমী হলেও রাজনীতির নোংরামির কারণে এখানে শিল্পায়ন থমকে গেছে। দেশের অন্যান্য রাজ্যের সাথে তুলনা করলে বোঝা যায়, বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে এবং এখানে বেকারত্বের হার বাড়ছে।
অনুপ্রবেশ ইস্যু ও সুর চড়ালেন রেড্ডি
দুর্নীতির পাশাপাশি এদিন অনুপ্রবেশ নিয়েও অত্যন্ত সরব ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দাবি, রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা বর্তমানে ভেঙে পড়েছে। সীমান্ত দিয়ে অবাধে অনুপ্রবেশ ঘটছে, আর তৃণমূল সরকার রাজনৈতিক স্বার্থে তা এড়িয়ে যাচ্ছে। মন্ত্রী অভিযোগ করেন, অনুপ্রবেশকারীদের অবাধ যাতায়াত বাংলার জনতাত্ত্বিক কাঠামো ও সংস্কৃতির জন্য বড় বিপদ। তৃণমূলের তুষ্টিকরণের রাজনীতির কারণেই রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে তিনি তোপ দাগেন।
সবশেষে, উন্নয়নের স্বার্থে রাজনীতির ঊর্ধ্বে ওঠার আহ্বান জানিয়ে রেড্ডি বলেন, “বাংলার প্রতিটি প্রান্তে প্রকৃত বিকাশ পৌঁছানো প্রয়োজন, যা বর্তমান সরকার দিতে ব্যর্থ।” নির্বাচনের আগে কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল।