ED Raid in Kolkata: সাতসকালে কালীঘাট থানার প্রাক্তন ওসি-র বাড়িতে ইডি হানা, জোরকদমে তল্লাশি – Bengali News | ED Conducts Early Morning Raid at Former Kalighat OC Shantanu Sinha Biswas’ Home in Kolkata
কলকাতা: ভোটের বাংলায় ফের সকাল সকাল ইডি-র অ্যাকশন। ইডির নজরে এবার কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস। বর্তমানে তিনি কলকাতা পুলিশের ডিসি-র পদে রয়েছেন। এদিন সকালে শান্তনুর গোলপার্কের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, তাঁর বাড়ির পাশে থাকা সরকারি এক ট্রেনিং সেন্টারেও হানা দেয় ইডি। যদিও সকাল থেকেই সেখানে তালা। তা দেখেই দ্রুত তা খোলানোর তোড়জোড়ও শুরু হয়ে যায়।
তবে কোন মামলায় হানা দিয়েছে ইডি তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, এর আগে কয়লা মামলায় তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু ইডির তলবকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টেও যান। মেডিক্যাল NRI কোটায় ভর্তির দুর্নীতিতেও শান্তনুকে তলব করেছিল ইডি। এবার সোজা তাঁর বাড়িতেই হানা কেন্দ্রীয় এজেন্সির।
সদ্য রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে হানা দিয়েছিল আয়কর দফতর। হানা দিয়েছিল বাড়ির অদূরে পার্টি অফিস ও নির্বাচনী কার্যালয়েও। একযোগে চলে তল্লাশি। তল্লাশির সময় দেবাশিস কুমারের নির্বাচনী এজেন্টকেও নির্বাচনী নথি নিতে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। ১২ ঘণ্টার সেই ম্যারাথন তল্লাশিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক আঙিনায়। ক্ষোভে ফেটে পড়েছিলেন দেবাশিসের অনুগামীরা। চলছিল বিক্ষোভ। যদিও শেষে ক্ষোভ উগরে দিয়েছিলেন দেবাশিসও। অন্যদিকে এ ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ তৃণমূলও। ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল। তাঁদের সাফ কথা এই অভিযানের কোনও বৈধতা নেই। ব্যবস্থা নিতে হবে আয়কর দফতরের বিরুদ্ধে। তা নিয়ে চাপানউতোর এখনও চলছে।