Nabadwip Woman Body Found: নবদ্বীপে অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার, ‘চাপা সন্ত্রাস চলছে’, বলছেন বিজেপি প্রার্থী – Bengali News | Unidentified woman’s body recovered near Nabadwip station, BJP candidate alleges law and order failure
নবদ্বীপ: ভোটের মুখে নবদ্বীপে এক অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের কাছে। আপ প্ল্যাটফর্মের শেষের প্রান্তের দিক থেকে উদ্ধার হয়েছে ওই মহিলার দেহ। স্থানীয় বাসিন্দারাই পাশের একটি ঝোঁপের মধ্যে দেহটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ। আসে রেল পুলিশও। তাঁর দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা আবার এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন। অনেকেই বলছেন, দীর্ঘদিন থেকেই ওই এলাকায় নানা অসামাজিক কাজকর্ম চলে। তারই পরিণতিতে এই ঘটনা কিনা তা ভাবাচ্ছে স্থানীয়দের। প্রকাশ্য়েই ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে অনেককে। তাঁরা বলছেন এই মহিলা কোনওভাবেই তাঁদের এলাকার নয়। কেউই তাঁকে চিনতে পারছেন না। বয়স ৪০ থেকে ৪২ বছরের মধ্যে। ইতিমধ্যেই মহিলার নাম-পরিচয় জানতে পুরোদমে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর কারণ জানতে পাঠানো হচ্ছে ময়নাতদন্তে। অন্যদিকে এ ঘটনায় স্বভাবতই এলাকার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পাশাপাশি এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান নবদ্বীপের বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী। তিনিও কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। ক্ষোভ উগরে দেন রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বলেন, এই তো নবদ্বীপের শান্তির ছবি! নবদ্বীপে হয়তো এখন দিন রাত বোমা পড়ে না, কিন্তু একটা চাপা সন্ত্রাস চলছে। মানুষ এর জবাব দেবে। পাশাপাশি এই মৃত্যুর যথাযথ তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি।