Mamata Banerjee rally: শওকত আমার ডান হাত, ওকে খুন করতে চায়: মমতা - Bengali News | TMC Supremo Mamata Banerjee calls Saokat Molla her ‘Right Hand’, alleges threat to his Life in Bhangar Campaign - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee rally: শওকত আমার ডান হাত, ওকে খুন করতে চায়: মমতা – Bengali News | TMC Supremo Mamata Banerjee calls Saokat Molla her ‘Right Hand’, alleges threat to his Life in Bhangar Campaign

Spread the love

শওকত মোল্লার সমর্থনে ভাঙড়ে সভা মমতা বন্দ্যোপাধ্যায়েরImage Credit: TV9 Bangla

ভাঙড়: ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লাকে এবার ভাঙড়ে প্রার্থী করেছে তৃণমূল। সেই শওকতের উপর হামলার আশঙ্কা করে বিজেপি ও আইএসএফ-কে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ভাঙড়ে প্রচারে গিয়ে তিনি অভিযোগ করেন, “শওকতকে খুন করতে চায়।” শওকতকে নিজের ডানহাত বলে উল্লেখ করে প্রয়োজনে তাঁর নিরাপত্তা তুলে ভাঙড়ের তৃণমূল প্রার্থীকে দেবেন বলে জানিয়ে দেন মমতা।

এদিন ভাঙড়ের ভোজেরহাটে সভা করেন মমতা। একুশের নির্বাচনে এই আসনে জিতেছিলেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। ভাঙড়ে শওকতকে প্রার্থী করার কারণ হিসেবে মমতা বলেন, “কলকাতার সামনে ওকে দাঁড় করিয়েছি এই কারণে, ভাঙড়ের জন্য অনেক কিছু করতে চাই। শওকতকে ভোট দিন, ভাঙড়বাসী যা চাইবেন, করে দেব। কারও কথা শুনবেন না। কোনও নির্দলকে একটিও ভোট দেবেন না। আর বিজেপির টাকা নিয়ে যারা ভোট করে, তাদের এই মাটিতে বিনাশ করুন।”

এরপরই শওকতের প্রাণহানির আশঙ্কা করে তৃণমূল সুপ্রিমো বলেন, “ওকে আমি খুব ভালোবাসি। ওকে খুন করতে চায় ওরা। বিজেপিকে বলে সিকিউরিটি তুলে নিতে চায়। আমি সব খবর রাখি। যদি সিকিউরিটি তুলে নিয়ে ওর উপর কোনও হামলা হয়, আমি ছেড়ে কথা বলব না। প্রশাসনকে জানিয়ে রাখলাম। বিজেপির নিজের হিম্মত নেই। আমার সঙ্গে লড়তে পারে না। ওরা শওকত মোল্লার সঙ্গে ঝগড়া করছে।”

শওকতের প্রশংসা করে মমতা বলেন, “আমি যদি বাঁ হাত হই, শওকত আমার ডান হাত। এটা মাথায় রাখবেন। বিজেপির নেতারা ২০ টা করে গাড়িতে সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়াবে। আর শওকতদের সিকিউরিটি কেড়ে নেওয়া হবে। কারণ, বিজেপির ভ্যানিশ ওয়াশিং কমিশন অর্ডার দেবে। মনে রাখবেন, মানুষের জীবন নিয়ে খেলবেন না। আমার সিকিউরিটি তুলে নিন। যদি সেরকম হয়, আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে শওকতকে দিয়ে দেব। আমার সিকিউরিটির দরকার নেই। আমি গুন্ডা-টুন্ডাকে ভয় পাই না। আমাকে বোমা, বন্দুক মেরেও কিছু করা যাবে না। জন্মেছি একদিন, মৃত্যু একদিন হবেই। আর বিজেপি-কে আমি দেখে ছাড়ব। এদের আমি ছাড়ব না।”

মমতার মন্তব্য নিয়ে খোঁচা দিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা বলেন, “নিজেই তো খুন করে আর খুন করিয়ে বেড়ায় শওকত মোল্লা। তৃণমূলের লোকেরাই বলে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে যদি কিছু হয়, সেটা তৃণমূলের অন্দরের ব্যাপার। আমরা খুনোখুনি করি না। শওকতকে জেতাতে সেন্টিমেন্ট তৈরি করছেন তৃণমূল সুপ্রিমো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *