Weather Update: ৭২ ঘণ্টা পর থেকেই বদলে যাবে পরিবেশ, হু হু করে বাড়ছে গরম – Bengali News | Weather Update of West Bengal and Kolkata: temperature may hike, forecast of Rain
কলকাতা: গরমের অস্বস্তি থেকে আর নিস্তার নেই। একটু একটু করে বাড়ছে তাপমাত্রা। তবে এবার একধাক্কায় পারদ অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও কমছে দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে রাজ্যের প্রায় সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে, আগামী সোমবারের মধ্যে লাফিয়ে দক্ষিণবঙ্গের পারদ পৌঁছে যাবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে।
সারা রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা
বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল, শনিবার ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। হতে পারে ভারী বৃষ্টি। আজ, শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতাতেও। শনিবার থেকে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। নতুন করে বাড়বে তাপমাত্রা। গরম ও অস্বস্তিকর আবহাওয়া ফিরবে।
৩-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা। রবিবার থেকে পশ্চিমাঞ্চলে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। ভ্যাপসা গরম বাড়বে কলকাতাতেও।
কেন বৃষ্টির হচ্ছে?
পূর্ব-পশ্চিম অক্ষরেখা মনিপুর থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত। এটি বাংলাদেশ, অসম গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ড ও মধ্যপ্রদেশের উপর দিয়ে গিয়েছে। আরও একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। তার জেরেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।
বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। শনিবার ও রবিবারেও হালকা বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু অংশে।
কতটা বাড়বে তাপমাত্রা
বৃষ্টি হলেও গরম ও অস্বস্তি থাকবে। কলকাতায় সোমবারের মধ্যে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে তাপমাত্রার পারদ। পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রা। গরম ও অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এই জেলাগুলিতে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার ঝড়-বৃষ্টি পরিমাণ বাড়বে। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হতে পারে, বৃষ্টির পরিমাণ হতে পারে ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত। উপরের পাঁচ জেলায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭১ থেকে ৯২ শতাংশ।