BJP Candidate and Congress Leader meeting: কংগ্রেসের জেলা সম্পাদকের সঙ্গে এক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক বিজেপি প্রার্থীর, কী নিয়ে আলোচনা? – Bengali News | Closed Door Meeting Between BJP Candidate Rajesh Kumar and Congress Leader Bipul Ghosal in North 24 Parganas Sparks Speculation
কংগ্রেসের জেলা সম্পাদক বিপুল ঘোষালের বাড়িতে জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমারImage Credit: TV9 Bangla
জগদ্দল: ভোটদানের আবেদন জানিয়ে ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন প্রার্থীরা। রাজনৈতিক দলগুলি পরস্পরকে কড়া ভাষায় আক্রমণ করছে। এরই মধ্যে অন্য ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনার জগদ্দলে। বিজেপি প্রার্থী পৌঁছে গেলেন উত্তর ২৪ পরগনার জেলা কংগ্রেসের সম্পাদকের বাড়িতে। প্রায় এক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করলেন তাঁরা। হঠাৎ ভোটের আগে বিজেপি প্রার্থী কেন রুদ্ধদ্বার বৈঠক করলেন প্রবীণ নেতার সঙ্গে? এই নিয়ে প্রশ্ন ওঠার আগেই বৈঠক শেষে দু’জনেই দাবি করলেন, এটা সৌজন্য বৈঠক। তাঁদের মধ্যে ভোট নিয়ে কোনও আলোচনা হয়নি।
শুক্রবার উত্তর ২৪ পরগনার কংগ্রেসের জেলা সম্পাদক বিপুল ঘোষালের বাড়িতে যান জগদ্দলের বিজেপি প্রার্থী প্রাক্তন IPS রাজেশ কুমার। প্রায় এক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন তাঁরা। বৈঠক শেষে হাসিমুখে বেরিয়ে আসেন তাঁরা। হঠাৎ কংগ্রেস নেতার সঙ্গে কেন রুদ্ধদ্বার বৈঠক করলেন বিজেপি প্রার্থী? সেই প্রশ্নের উত্তর দিলেন রাজেশ কুমার।
কংগ্রেস নেতার সঙ্গে বৈঠক নিয়ে কী বললেন বিজেপি প্রার্থী?
বিজেপি প্রার্থী রাজেশ কুমার বলেন, “জগদ্দলে ভালো ব্যক্তিদের সঙ্গে আমি দেখা করছি। তাঁদের আশীর্বাদ নিতে দেখা করছি। বিপুলবাবুর এখানে এসে যেটা দেখলাম, ২৫ বছর ধরে উনি টাউন সভাপতি পদে রয়েছেন। জীবনে কারও কাছ থেকে এক পয়সা চাননি। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। এরকম মানুষের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর আশীর্বাদ নেওয়া আমার কাছে বড় পাওনা।”
ভোট নিয়ে কংগ্রেস নেতার সঙ্গে তাঁর কথা হল কি না, এই প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী বলেন, “অন্য দলের হলেও যাঁরা ভালো লোক, তাঁদের সঙ্গে তো দেখা করতে হবে। তাঁদের আশীর্বাদ নিতে হবে। ভোট আমি সবার কাছ থেকেই চাইছি। বিপুলবাবুর সঙ্গে ভোট নিয়ে কোনও কথা হয়নি। ভোট চাইতে আমি আসিনি। এটা সৌজন্য সাক্ষাৎ। বিপুলবাবুর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, এটাই আমার কাছে বড় পাওনা।”
কী বললেন কংগ্রেসের জেলা সম্পাদক?
বিজেপি প্রার্থীর মতো প্রবীণ কংগ্রেস নেতা বিপুল ঘোষাল সৌজন্য সাক্ষাতের কথা বললেন। তাঁর কথায়, “আমার কাছে প্রার্থীদের আসা, এটা নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন দলের যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁরা এসেছেন। যেহেতু আমি একজন প্রবীণ নেতা, যাঁরা প্রার্থী হয়েছেন তাঁদের অনেকে আমার হাত ধরে কংগ্রেস করেছেন। পরে অন্য দলে গিয়েছেন। এটা সৌজন্য সাক্ষাৎ। সৌজন্য হারিয়ে গিয়েছিল। সেটা ফিরে আসছে। রাজনীতির জন্য এটা ভালো।” জেলা সম্পাদক কী বললেন বিজেপি প্রার্থীকে? বিপুল ঘোষাল বলেন, “বললাম, এগিয়ে যান। বিজেপি প্রার্থীর বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। জেল খেটেছেন। তিনি তো কংগ্রেসেই ছিলেন। সেটা কংগ্রেসের কাছে গর্বের।”
বিজেপি প্রার্থী বহিরাগত বলে আক্রমণ করা হচ্ছে। এই নিয়ে বিপুল ঘোষাল বলেন, “জগদ্দলের কোনও প্রার্থীই তো এই কেন্দ্রের ভোটার নন। তৃণমূল ও আমাদের প্রার্থীও তো বাইরের।” প্রসঙ্গত, জগদ্দলে কংগ্রেস প্রার্থী করেছে মন্দিরা চক্রবর্তীকে। এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক সোমনাথ শ্যামকে ফের প্রার্থী করেছে তৃণমূল। ২৯ এপ্রিল ভোটগ্রহণ।