Sabang political campaigning: সবংয়ে বিজেপির প্রচারে বাধা! তৃণমূল নেতাকে সপাটে চড় কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকের - Bengali News | Central Forces Officer Slaps local TMC Leader During BJP Campaign in Sabang - 24 Ghanta Bangla News
Home

Sabang political campaigning: সবংয়ে বিজেপির প্রচারে বাধা! তৃণমূল নেতাকে সপাটে চড় কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকের – Bengali News | Central Forces Officer Slaps local TMC Leader During BJP Campaign in Sabang

Spread the love

স্থানীয় তৃণমূল নেতাকে চড় কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকেরImage Credit: TV9 Bangla

সবং: বিজেপির প্রচারে বাধা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। অভিযুক্তদের ভিডিয়ো দেখে চিহ্নিত করার সময় স্থানীয় এক তৃণমূল নেতাকে সপাটে চড় মারলেন কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিক। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ল পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। ভাইরাল হয়েছে তৃণমূল নেতাকে চড় মারার ভিডিয়ো। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। এভাবে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক চড় মারতে পারেন কি না, সেই প্রশ্ন তুলছে রাজ্যের শাসকদল।

ঘটনাটি ঘটেছে সবংয়ের ৫ নম্বর সারতা অঞ্চলের ছিনা এলাকায়। বিজেপির অভিযোগ, ওই এলাকায় বিজেপি কর্মীদের প্রচারে বাধা দেন স্থানীয় তৃণমূল নেতারা। অভিযোগ, এক বিজেপী কর্মীকে মারধর করা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনী।

ভাইরাল ভিডিয়োতে কী দেখা যাচ্ছে?

ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, বিজেপির প্রচারে বাধা কারা দিয়েছিলেন, ভিডিয়ো দেখে শনাক্ত করছিলেন কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিক। স্থানীয় এক তৃণমূল নেতাকে ডেকে জিজ্ঞাসা করেন, ছবিতে যাঁকে দেখা যাচ্ছে, তিনিই কি না। স্থানীয় তৃণমূল নেতা ঘাড় নেড়ে সম্মতি জানাতেই সপাটে চড় মারেন কেন্দ্রীয় বাহিনীর ওই আধিকারিক।

সেই চড় মারার ভিডিয়ো সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির বক্তব্য, তৃণমূল নেতারা তাদের কর্মীকে মারধর করেছিলেন। তারপর পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হলে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি অমূল্য মাইতি বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন কেন্দ্রীয় বাহিনীকে নিয়োগ করেছে। তারা কি ওদের আদর করবে? আমাদের দলের লোকও এই কাজ করলে কেন্দ্রীয় বাহিনী একই কাজ করত।”

অন্যদিকে সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স অভিযোগ করেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক স্থানীয় তৃণমূল নেতাকে মারধর করেছেন।” একজন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকের এই ক্ষমতা আছে কি না এই নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। পাশাপাশি যেখানে যেখানে জানানোর, সেখানে জানানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *