RCB vs LSG : অনবদ্য রসিখ সালাম দার, কোহলির ব্যাটে লখনৌ বধ বেঙ্গালুরুর! - Bengali News | RCB beats LSG by 5 wickets as Virat Kohli helps RCB to win - 24 Ghanta Bangla News
Home

RCB vs LSG : অনবদ্য রসিখ সালাম দার, কোহলির ব্যাটে লখনৌ বধ বেঙ্গালুরুর! – Bengali News | RCB beats LSG by 5 wickets as Virat Kohli helps RCB to win

Spread the love

২২৮ রান করে এই মুহূর্তে কমলা টুপির মালিক বিরাট কোহলি।Image Credit: PTI

কলকাতা : দিন আসে, দিন যায়, আরসিবি বদলায় না। বহুদিন আগে আরসিবির বিরুদ্ধে প্রতিপক্ষ দল দেড়শো করলেও সমর্থকেরা চিন্তিত হতে পারতেন না, আদৌ দল জিতবে কি না। এমন বহু ম্যাচ সমর্থকেরা দেখেছেন, যেখানে জয়ের সমূহ সম্ভাবনা থেকেও ম্যাচ হেরে বসেছে বেঙ্গালুরু। কিন্তু ১৮ মে ২০২৪-র পর যেন সবকিছুই বদলে গিয়েছে। সেই ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে জিতে টানা ৬ ম্যাচ জিতে প্লে অফে সুযোগ পেয়েছিল বেঙ্গালুরু। তারপর ? গতবছর আইপিএল জয়, এই বছর ৫ ম্যাচ খেলে ৪ জয়, ১ হার। প্রায় প্রতি ম্যাচেই ২০০র উপর রান করছে বেঙ্গালুরু। এসবের মধ্যেই আজ লখনৌকে ৫ উইকেটে হারিয়ে দিলেন কোহলিরা।

টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার। পাওয়ার প্লে-তেই আউট হয়ে গেলেন আইডেন মারক্র্যাম। তাঁর উইকেট নিলেন রশিখ সালাম দার। ৬ ওভারে লখনৌয়ের স্কোর ছিল মাত্র ৩৬। সেখানেই যেন ম্যাচে পিছিয়ে পড়েছিল লখনৌ। হাতের চোট লেগে আহত হয়ে মাঠ ছাড়লেন ঋষভ পন্থ। ১ রান করলেন নিকোলাস পুরান। ৩২ বলে ৪০ করে আউট হলেন মিচেল মার্শ। ২৮ বলে ৩৯ রান করলেন কেকেআর ম্যাচের নায়ক মুকুল চৌধুরী। মুকুল আউট হওয়ার পরবর্তী ব্যাটারদের রান যেন কোনও জায়গার পিন কোড নম্বর – ৭, ০, ১, ০, ৭ । মাত্র ১৪৬ রানেই অল আউট হয়ে গিয়েছিল লখনৌ। ২৪ রান দিয়ে ৪ উইকেট পেলেন রশিখ সালাম দার। ৩ উইকেট পেলেন ভুবনেশ্বর কুমার। অসুস্থতার কারণে আজ ফিল্ডিং করলেন না কোহলি।

১৪৭ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই প্রিন্স যাদবের বলে বোল্ড হলেন ফিল সল্ট। তারপর থেকেই জ্বর অবস্থায় দেবদত্ত পাদিক্কালকে নিয়ে বড় রানের ইনিংস গড়া শুরু করলেন বিরাট কোহলি। ১১ বলে ১০ রান করে দেবদত্ত আউট হলেও ৩৪ বলে ৪৯ রান করলেন বিরাট। নিজের ১৯ বছরের আইপিএল কেরিয়ারে এই প্রথমবার ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে মাঠে নামলেন কিং কোহলি। পাদিক্কল আউট হলেও আরসিবির রানের গতি কমাতে দেননি অধিনায়ক রজত পাতিদার। গত ম্যাচের দুরন্ত অর্ধ শতরানের পরে আজও খেললেন ১৩ বলে ২৭ রানের ইনিংস। ৯ বলে ২৩ রান করলেন জিতেশ শর্মা। শেষে টিম ডেভিড ও রোমারিও শেপার্ডের সৌজন্যে ২৯ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি।

এই জয়ের ফলে আরসিবি মোট ৫ মধ্যে ৪ ম্যাচে জিতে ৮ পয়েন্ট নিয়ে পৌঁছে গেল পয়েন্ট টেবিলের প্রথমে। ২২৮ রান করে এই মুহূর্তে কমলা টুপির মালিক বিরাট কোহলি। তাঁর থেকে ৪ রান কম করে দ্বিতীয় স্থানে হেনরিখ ক্লাসেন। চেন্নাই ও মুম্বইয়ের পর কোনও দল পরপর দুইবার আইপিএল চ্যাম্পিয়ন হয়নি। সেই ধারা কি ভাঙতে পারবে আরসিবি? প্লেঅফের যে এখনও অনেক দেরি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *