Minakshi Mukherjee: মীনাক্ষীর ইস্তাহার, উত্তরপাড়াকে কী কী দেবেন নেত্রী – Bengali News | Minakshi mukherjee released her own manifesto for her constituency
উত্তরপাড়া: উত্তরপাড়ার জন্য ইস্তহার প্রকাশ করলেন বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্য়ায়। হুগলি জেলায় দ্বিতীয় দফায় ভোট। আর কয়েকটা দিন বাকি। তার আগেই এই ইস্তাহার প্রকাশ করলেন মীনাক্ষী। মূলত মেয়েদের ব্রিগেডে জোর ও প্রবীনদের জন্য নবীনদের বাহিনী তৈরির করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বুধবার দুপুরে সাংসবাদিক বৈঠক করে উত্তরপাড়ার জন্য ইস্তাহার প্রকাশ করেন তিনি। হিন্দমোটরে দলীয় কার্যালয়ে মিনাক্ষী ইস্তেহার প্রকাশ করে বলেন, “৩৫০ টা পাড়া বৈঠক করেছি। উত্তরপাড়ার মানুষ যা বলেছে, তার ভিত্তিতে এই ইস্তাহার তৈরি করা হয়েছে। উত্তরপাড়ায় সাংস্কৃতিক কেন্দ্র হবে, তৈরি হবে কেরিয়ার ওরিয়েন্টেশন সেন্টার, স্বাস্থ্য সহায়তা কেন্দ্র। উত্তরপাড়ায় উন্নত পরিবেশ তৈরি হবে ও ক্রীড়া সমন্বয় ক্লাস্টার তৈরি হবে বলেও জানা গিয়েছে।
এছাড়াও মীনাক্ষীর প্রতিশ্রুতি, প্রবীন মানুষদের সাহায্যের জন্য তৈরি করা হবে নবীনদের বাহিনী। নারী নিরাপত্তার কথা ভেবে তৈরি হবে মহিলা ব্রিগেড, যেখানে মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।
উত্তরপাড়ায় এবার বামেদের বাজি সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী। গত বিধানসভা নির্বাচনে উত্তরাপাড়ায় বামের ভোট ছিল প্রায় ২৬ শতাংশ। ৩৮ শতাংশ ভোট পেয়ে তৃণমূল জয়ী হয়েছিল। এবার জিততে গেলে মীনাক্ষীকে ভোট শতাংশ অনেকটাই বাড়াতে হবে।
সেই প্রসঙ্গে বাম প্রার্থী বলেন, “ভোট এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, ভোট মানুষ দেয়, তার মানসিকতার উপর নির্ভর করে। মানুষ তার বিধানসভা, তার রাজ্যকে যেভাবে দেখতে চান, তার জন্য মানুষ নির্ণয় করে। সিপিএমের অসংখ্য দলীয় কর্মীর মধ্যে আমার মত একজন কর্মীকে মনোনীত করেছে। আমি রাজ্যের যেখানে অন্যায় অবিচার হয়েছে সেখানেই গিয়েছি, দলের কর্মীদের নিয়ে প্রতিবাদ আন্দোলন করেছি। তাই কেউ বহিরাগত নয়, আমরা সবাই পশ্চিমবঙ্গের।”
মীনাক্ষী আরও বলেন,” গত নির্বাচনে একটিও আসনে না জিতেও আমরা মানুষের পাশে থেকেছি। আমাদের রেড ভলান্টিয়াররা কাজ করেছেন। দলের কর্মীরা কাজ করেছেন। সচেতনতা বৃদ্ধির জন্য এই মেয়েদের ব্রিগেড করা। পুলিশ প্রশাসন থাকবে, মেয়েদের ব্রিগেড অভয়াবাহিনীও থাকবে। বামেরা তাই ট্যাগ লাইন দিয়েছে, পাল্টে দিন, বদলে যাবে উত্তরপাড়া।”