West Bengal DA arrears case: ‘কর্মচারীদের মধ্যে বিভাজন করা হচ্ছে’, বকেয়া DA মামলায় আজ কী হল সুপ্রিম কোর্টে? – Bengali News | West Bengal DA Arrears Case: Supreme Court Seeks Responses After State Files Affidavit on Pending Payments
নয়া দিল্লি: বকেয়া ডিএ মেটানো নিয়ে হলফনামা জমা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেই রিপোর্ট নিয়ে আপত্তি থাকলে মামলার সঙ্গে যুক্ত পক্ষরা হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাবেন। বুধবার এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং পি কে মিশ্রার বেঞ্চে এই মামলার শুনানি ছিল। শুনানির শুরুতে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল জানান, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বাবদ ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে। প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার কমিটি যে সুপারিশ করেছেন, সেই মোতাবেক রাজ্য সরকার কাজ করছেন বলে সিব্বল এদিন জানান।
রাজ্যের তরফে আইনজীবী জানান, যে কর্মচারীদের রেকর্ড রয়েছে, তাঁদের ইতিমধ্যেই টাকা দেওয়া হয়েছে। এর জন্য ছয় হাজার কোটি টাকা খরচ হয়েছে। বাকিদের যখনই পরবর্তী গাইডলাইন আসবে, সেই মোতাবেক বকেয়া ডিএ টাকা দেওয়া হবে। তিনি বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশের মান্যতা দিচ্ছে রাজ্য সরকার।”
আবেদনকারীদের তরফে অভিযোগ করা হয় প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটির কাছে তাঁরা তাঁদের বক্তব্য জানাতে পারেনি। ইন্দু মালহোত্রার কমিটির রিপোর্ট তাঁদের জানানো হয়নি। এই কারণেই তাঁরা আদালত অবমাননার আবেদন জমা দিয়েছেন বলে জানান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি আদালতে বলেন, “কর্মচারীদের মধ্যে বিভাজন করা হচ্ছে।”
প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটির রিপোর্ট তারা হাতে পাচ্ছেন না এই বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আবেদন জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি।