Basanti Chaos: ভোটের আগে তপ্ত বাসন্তী, বিজেপি নেতাদের বেধড়ক পেটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে – Bengali News | In South 24 Pargana’s Basanti BJP and Tmc Clash West bengal
তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ Image Credit: Tv9 Bangla
দেবব্রত মণ্ডলের রিপোর্ট
বাসন্তী: উত্তপ্ত বাসন্তী। সেখানে সন্ত্রাস চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জানা যাচ্ছে, বিজেপি নেতাদের পতাকা ছিঁড়ে বেধড়ক মারধর করা হয়েছে। যার জেরে উত্তপ্ত আমঝাড়া গ্রাম পঞ্চায়েত।
অভিযোগ, বাসন্তী আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৪৯ নম্বর বুথের তালদাহ গ্রামে বিজেপি দলীয় পতাকা লাগানো হচ্ছিল। সেই সময় তৃণমূল নেতা মাধব মণ্ডলের নেতৃত্বে একদল দুষ্কৃতী তাঁদের ওপর হামলা চালায়। এই হামলায় বিজেপির বুথ সভাপতি সনৎ মণ্ডল এবং মণ্ডল সভাপতি,সৌমিত্র সর্দার গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের বেধড়ক মারধর করা হয়েছে বলে বিজেপির দাবি।
বাসন্তীর বিজেপি প্রার্থী বিকাশ সর্দার এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। আহত কর্মীদের নিয়ে অভিযোগ জানাতে তিনি বাসন্তী থানায় যান। বিকাশ সরদারের বয়ান অনুযায়ী,”তৃণমূল কর্মীরা পরাজয়ের ভয় পাচ্ছেন। পরিকল্পিতভাবে ওঁরা আমাদের কর্মীদের ওপর আক্রমণ করছে।”
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাসন্তীর পূর্ত কর্মাধ্যক্ষ রাজ গাজী বিজেপির সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “বিজেপির আর অন্য কোনও কাজ নেই। শুধু কমিশনে অন্যদের বিরুদ্ধে অভিযোগ জানানো। এগুলো মিথ্যা। বিজেপি পরিকল্পিতভাবে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছে। একটি গভীর চক্রান্ত করছে। মানুষের সমর্থন হারিয়ে এখন কেন্দ্রীয় সংস্থা ও কমিশনের দ্বারস্থ হয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি।”