Bankura: ভোটের মুখে নাবালক সন্তানকে ডেকে বিজেপির মণ্ডল সভাপতিকে খুনের হুমকি, শোরগোল বাঁকুড়ায় - 24 Ghanta Bangla News
Home

Bankura: ভোটের মুখে নাবালক সন্তানকে ডেকে বিজেপির মণ্ডল সভাপতিকে খুনের হুমকি, শোরগোল বাঁকুড়ায়

Spread the love

Bankura: ভোটের মুখে নাবালক সন্তানকে ডেকে বিজেপির মণ্ডল সভাপতিকে খুনের হুমকি, শোরগোল বাঁকুড়ায়

বাঁকুড়া: বিজেপির মণ্ডল সভাপতির শিশু সন্তানকে ডেকে বাবাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার কোতুলপুর বিধানসভার জিবটা গ্রামে। ঘটনার খবর জানাজানি হতেই অভিযুক্ত যুবককে আটকে এ ব্যাপারে তাঁর কাছে জবাবদিহি চান স্থানীয় বিজেপি কর্মীরা। বিজেপির দাবি, অভিযুক্ত যুবক তৃণমূলের যুব সংগঠনের সক্রিয় কর্মী ও তৃণমূলের ভোট কুশলী সংস্থার হয়ে কাজ করেন। তৃণমূলের পাল্টা দাবি, ওই যুবকের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। বিজেপির তরফে লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নেমেছে কোতুলপুর থানার পুলিশ।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, কোতুলপুর থানার জিবটা গ্রামে নিজের পরিবার নিয়ে বসবাস করেন বিজেপির কোতুলপুর ২ নম্বর মণ্ডলের সভাপতি শুভঙ্কর পণ্ডিত। গতকাল দুপুরে খাওয়া দাওয়ার পর শুভঙ্কর যখন বাড়িতে শুয়েছিলেন, সেই সময় তাঁর ৮ বছর বয়সী ছেলে গ্রামের রাস্তায় খেলা করছিল। অভিযোগ, সেই সময় বাইক আরোহী এক অপরিচিত যুবক ওই শিশু সন্তানকে ডেকে তার বাবাকে খুন করার হুমকি দেন। পরে শিশুটি বাড়িতে গিয়ে বাবাকে ঘটনার কথা জানালে শুভঙ্কর পণ্ডিতের নেতৃত্বে স্থানীয় বিজেপি কর্মীরা গ্রামের মধ্যেই বাইক আরোহী ওই যুবককে ধরে ফেলে ঘটনার জবাবদিহি চান। চাপের মুখে ওই যুবক হুমকি দেওয়ার কথা অস্বীকার করেন।

গতকাল রাতে বিজেপির ওই মণ্ডল সভাপতি কোতুলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শুভঙ্কর পণ্ডিত বলেন, “আমার ছেলে এসে আমায় বলে, বাবা একজন আমায় বলেছে যে তোর বাবাকে তুলে নিয়ে গিয়ে কেটে দেব। সেকথা জেনেই ওই যুবকের খোঁজ করি।” তাঁর দাবি, ওই যুবকের নাম ফিরোজ মোল্লা। তৃণমূলের যুব সংগঠন ও ভোটকুশলী সংস্থার হয়ে কাজ করেন। অভিযুক্ত যুবককে দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন কোতুলপুরের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদারও।

তৃণমূলের দাবি, ফিরোজ মোল্লা নামের কেউ তাঁদের দলের যুব সংগঠনের সঙ্গে ও ভোটকুশলী সংস্থার স্থানীয়স্তরে যুক্ত নেই। তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি বিশ্বজিৎ সেন বলেন, “সম্পূর্ণ মিথ্যা কথা। ফিরোজ মোল্লা বলে আমাদের এখানে কেউ নেই। বিজেপি ভূত দেখছে। গো-হারান হারবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *