Sujit Bose Net Worth: স্ত্রীর পাঁচখানা বাড়ি, সুজিত বসুর কাঁধে কোটি টাকার ঋণ! কত সম্পত্তি আছে জানেন? - 24 Ghanta Bangla News
Home

Sujit Bose Net Worth: স্ত্রীর পাঁচখানা বাড়ি, সুজিত বসুর কাঁধে কোটি টাকার ঋণ! কত সম্পত্তি আছে জানেন?

Sujit Bose Net Worth: স্ত্রীর পাঁচখানা বাড়ি, সুজিত বসুর কাঁধে কোটি টাকার ঋণ! কত সম্পত্তি আছে জানেন?

কলকাতা: দাপুটে তৃণমূল নেতা। রাজ্যের দমকল মন্ত্রী তিনি। দুর্গা পুজোর সময় গোটা কলকাতা তথা বাংলার মানুষ ভিড় করেন সুজিত বসুর পুজো শ্রীভূমিতে। তৃণমূলের অন্যতম ভসার মুখ সুজিত বসু (Sujit Bose)। রেশন দুর্নীতি মামলাতে নাম জড়িয়েছে তৃণমূল নেতার। তারপরও প্রত্যাশিতভাবে তাঁকে টিকিট দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। তিনি লড়ছেন বিধাননগর কেন্দ্র থেকে। সুজিত বসুর ব্যাঙ্ক ব্য়ালেন্স কত? মোট সম্পত্তি কত আছে জানেন?

অল্প বয়স থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। বেশিদূর পড়াশোনা করেননি দমকল মন্ত্রী। নির্বাচনী হলফনামা বলছে, মাধ্যমিক পাশ সুজিত বসু। নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী, সুজিত বসুর হাতে নগদ টাকা রয়েছে ২ লক্ষ ৭ হাজার ৯৩২ টাকা। তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল টাকা আছে সুজিত বসুর। হলফনামা বলছে, সুজিতের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫৭ লক্ষ ৭৯ হাজার ২০৯ টাকা রয়েছে। আরেকটি অ্যাকাউন্টে ৩৭ লক্ষ ৮৩ হাজার ৭০৫ টাকা আছে। অপর আরেক অ্যাকাউন্টে ৫ লক্ষ ৮৮ হাজার ৮১ টাকা আছে। ফিক্সড ডিপোজিট আছে ১৮ লক্ষ ১০ হাজার ৭০৬ টাকার। নির্বাচনের খরচের জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা আছে।

এছাড়া বিপুল অঙ্কের বিনিয়োগও আছে সুজিত বসুর। বিভিন্ন সংস্থায় শেয়ার কেনা আছে। ৫ লক্ষ ২২ হাজার ৮৫৭ টাকার এলআইসি পলিসিও আছে। সুজিত বসুর নিজস্ব একটি স্করপিও গাড়ি আছে, যা ২০২৪ সালে কিনেছেন। এর আনুমানিক দাম ২৩ লক্ষ ৩০ হাজার ২৪০ টাকা।

গহনা বলতে ১৭৯.৫ গ্রাম সোনা রয়েছে, যার আনুমানিক দাম ৬ লক্ষ ৬০ হাজার ৪৫৫ টাকা। হিরের গহনা আছে ৪৭৯.৫ গ্রামের, যার বাজারমূল্য আনুমানিক ৩ লক্ষ ২৮ হাজার ৬২৫ টাকা। মোট ৬৫৯ গ্রাম সোনাদানা আছে সুজিত বসুর, যার দাম ৯ লক্ষ ৮৯ হাজার ৮০ টাকা। সুজিত বসুর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৯২ লক্ষ ৪১ হাজার ১৯৮ টাকা।

অন্যদিকে, সুজিত বসুর স্ত্রী স্বর্ণালী বসুর হাতে নগদ রয়েছে ৩ লক্ষ ১৮ হাজার ৬৯ টাকা। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁর আনুমানিক ৫ লক্ষ টাকা রয়েছে। স্বর্ণালী বসুরও একাধিক বিনিয়োগ রয়েছে। পোস্ট অফিসে ৩ লক্ষ ৬৩ হাজার ৯৩১ টাকার বিনিয়োগ আছে। স্বর্ণালী বসুর একটি ব্যালেনো গাড়ি রয়েছে, যার দাম ৮ লক্ষ ৭ হাজার ১৪২ টাকা।

স্বর্ণালী বসুর কাছে ৪১৩.৬০ গ্রাম সোনা রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৬ লক্ষ ৮০ হাজার টাকা। হিরের গহনা রয়েছে ৪৮০.৭১ গ্রাম, যার দাম ৫ লক্ষ ১৫ হাজার ৬৬৭ টাকা। মোট ৮৯৪.৩১ গ্রাম সোনা ও হিরের গহনা আছে, যার আনুমানিক মূল্য ১১ লক্ষ ৯৫ হাজার ৬৬৭ টাকা। সুজিত বসুর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫৩ লক্ষ ৫৯ হাজার ৮৩১ টাকা।

সুজিত বসুর নামে কোনও কৃষিজমি নেই। কমার্শিয়াল বিল্ডিং হিসাবে একটি দোকান রয়েছে, যা কেনার সময় দাম ছিল ৩ লক্ষ টাকা। সুজিত বসুর শ্রীভূমিতেই দুটি বাড়ি রয়েছে, যার দাম ১ কোটি টাকারও বেশি।

সেখানেই সুজিত বসুর স্ত্রীর নামে পাঁচটি বাড়ি রয়েছে। সুজিত বসুর স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৮০ লক্ষ ১৬ হাজার ৪৫৪ টাকা। সুজিত বসুর স্ত্রীর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৮০ লক্ষ ১৯ হাজার ৫০৭ টাকা।

তবে সুজিত বসুর কাঁধে ঋণের বোঝাও রয়েছে। কার লোন রয়েছে ৭ লক্ষ ৯৯ হাজার ৭৪০ টাকার। হোম লোন রয়েছে ৯৮ লক্ষ ৮৮ হাজার ৫১৬ টাকার। সুজিত বসু তাঁর আয় হিসাবে ব্যবসা, সামাজিক কাজ ও মন্ত্রী পদ উল্লেখ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *