‘ধুরন্ধর’ ছবি থেকে বাদ যেতে পারে এই গানটি! কড়া মামলার মুখে রণবীরের ছবি - 24 Ghanta Bangla News
Home

‘ধুরন্ধর’ ছবি থেকে বাদ যেতে পারে এই গানটি! কড়া মামলার মুখে রণবীরের ছবি

Spread the love

‘ধুরন্ধর’ ছবি থেকে বাদ যেতে পারে এই গানটি! কড়া মামলার মুখে রণবীরের ছবি

সাফল্যের মধ্যগগণে থেকেও স্বস্তিতে নেই ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar: The Revenge) ছবির নির্মাতারা। একদিকে রণবীর সিং অভিনীত এই ছবি বিশ্বজুড়ে ১৫০০ কোটির ব্যবসা করে বক্স অফিসের সব রেকর্ড তছনছ করে দিচ্ছে, অন্যদিকে আইনি জট যেন কিছুতেই পিছু ছাড়ছে না পরিচালক আদিত্য ধরের। চিত্রনাট্য চুরির অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার কালজয়ী গান ‘ওয়ে ওয়ে’ (Oye Oye) নিয়ে বড়সড় বিপাকে পড়ল প্রযোজনা সংস্থা বি-সিক্সটিটু (B62) স্টুডিও।

বিতর্কের সূত্রপাত ১৯৮৯ সালের সুপারহিট ছবি ‘ত্রিদেব’-এর আইকনিক গান ‘ওয়ে ওয়ে’ কেন্দ্র করে। এই কালজয়ী গানের রিমেক সংস্করণ ব্যবহার করা হয়েছে ‘ধুরন্ধর ২’-এর একটি বিশেষ দৃশ্যে। আর তাতেই ক্ষুব্ধ ‘ত্রিদেব’-এর প্রযোজনা সংস্থা ত্রিমূর্তি ফিল্মস। তাদের দাবি, গানের স্বত্ব (Copyright) সম্পূর্ণভাবে তাদের অধীনে থাকা সত্ত্বেও কোনও অনুমতি না নিয়েই তা ব্যবহার করেছেন আদিত্য ধর। এই মর্মে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছে তারা।

ত্রিমূর্তি ফিল্মস কেবল মামলাই দায়ের করেনি, বরং কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছে আদালতের কাছে। তাদের দাবি, সংশ্লিষ্ট গানটি ছবি থেকে দ্রুত বাদ দিতে হবে। সিনেমা হল, ওটিটি প্ল্যাটফর্ম বা কোনও প্রোমোতে এই গান আর চালানো যাবে না। বিনা অনুমতিতে গান ব্যবহারের জন্য উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

গত ১৯ মার্চ মুক্তির পর থেকেই ‘ধুরন্ধর ২’ আলোচনার কেন্দ্রে। ধ্রুব রাঠির সমালোচনা থেকে শুরু করে ‘হিংসার উদযাপন’—একাধিক বিতর্ক এই ছবির সঙ্গী হয়েছে। কয়েক দিন আগেই সন্তোষ কুমার নামে এক ব্যক্তি আদিত্য ধরের বিরুদ্ধে চিত্রনাট্য চুরির অভিযোগ তুলেছিলেন। এবার গানের জেরে আইনি বিপত্তি ছবির সাফল্যে কতটা প্রভাব ফেলে, তা নিয়ে চিন্তায় সিনে-বিশেষজ্ঞরা।

নাসিরুদ্দিন শাহ ও সোনমের ওপর চিত্রায়িত যে গান একসময় গোটা দেশে উন্মাদনা তৈরি করেছিল, সেই ‘ওয়ে ওয়ে’-ই এখন বিঁধছে বক্স অফিসের ‘বাপ’ বলে পরিচিত ধুরন্ধর-এর বুকে। এখন দেখার, আদালতের রায়ে আদিত্য ধরের প্রযোজনা সংস্থা স্বস্তি পায় নাকি বড়সড় জরিমানার মুখে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *