Share Market: লাফিয়ে বাড়ছে সেনসেক্স-নিফটি, সংঘর্ষবিরতি থামতেই দালাল স্ট্রিটে উড়ছে টাকা - 24 Ghanta Bangla News
Home

Share Market: লাফিয়ে বাড়ছে সেনসেক্স-নিফটি, সংঘর্ষবিরতি থামতেই দালাল স্ট্রিটে উড়ছে টাকা

Share Market: লাফিয়ে বাড়ছে সেনসেক্স-নিফটি, সংঘর্ষবিরতি থামতেই দালাল স্ট্রিটে উড়ছে টাকা

মুম্বই: শেয়ার বাজারে কাটল মন্দা। ইরান-আমেরিকা সংঘাত থামতেই সেনসেক্স (Sensex) ও নিফটি৫০ (Nifty50)-র সূচক উঠল তরতরিয়ে। ঝুপ করে পড়েছে তেলের দামও (Oil Price Drop)। দালাল স্ট্রিটে হাল কিছুটা ফিরতেই হাসি ফুটেছে বিনিয়োগকারীদের মুখে। কতটা উত্থান হল শেয়ার বাজারে?

আজ সকালে ৯টা ১৬ মিনিটে শেয়ার বাজার খুলতেই নিফটি৫০ ৩.২৬ শতাংশ বৃদ্ধি পায়। নিফটির সূচক ৭৪৯.১০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৩,৮৮৬.৭০ অঙ্কে পৌঁছয়। সেনসেক্স সূচক ৩.৩৯ শতাংশ বাড়ে। ২৫৩২.৯৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৭৭,১৮৮.১৯ অঙ্কে পৌঁছয়।

নিফটি মিডক্যাপ ও নিফটি স্মলক্যাপও যথাক্রমে ৩.২৪ শতাংশ ও ৩.১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নিফটি অটো ও নিফটি ফিন্যান্সিয়াল সার্ভিস এক্স ব্যাঙ্কও তুলনামূলকভাবে প্রত্য়াশার তুলনায় অনেকটা ভাল ফল করেছে। সবথেকে কম লাভ হয়েছে নিফটি আইটি (Nifty IT)-তে।

বিশ্ব বাজারে তেলের দাম কমায় বিমান সংস্থাগুলি সবচেয়ে বেশি লাভবান হয়েছে। ইন্টারগ্লোব এভিয়েশন (ইন্ডিগো)-এর শেয়ারের দাম প্রায় ১০শতাংশ বেড়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানিগুলোতেও উল্লেখযোগ্যভাবে লাভের মুখ দেখেছে। হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL)-এর শেয়ারের দাম ৮ শতাংশের বেশি বেড়েছে। ইন্ডিয়ান অয়েল (IOC)-এর প্রায় ৬ শতাংশ এবং ভারত পেট্রোলিয়াম (BPCL)-এর ৭.৫ শতাংশ বেড়েছে। অপরিশোধিত তেলের দাম কমার ফলে এই কোম্পানিগুলোর লাভের হার বাড়বে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারও ২.৮ শতাংশ বেড়েছে, অন্যদিকে টাটা মোটরস কমার্শিয়ালের শেয়ার ১১ শতাংশের বেশি লাফিয়ে বেড়েছে। এশিয়ান পেইন্টসের শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে, অন্যদিকে বার্জার পেইন্টস এবং কানসাই নেরোলাকের শেয়ারের দাম ২.৫ শতাংশ থেকে ৫শতাংশ পর্যন্ত বেড়েছে।

টায়ার কোম্পানিগুলোতেও একই ধরনের প্রবণতা দেখা গিয়েছে। অ্যাপোলো টায়ার্সের শেয়ারের দাম ৫ শতাংশের বেশি, জেকে টায়ারের ৬ শতাংশ এবং সিইএটি-র প্রায় ৪ শতাংশ বেড়েছে। এই সমস্ত সংস্থাই তাদের কাঁচামালের জন্য তেলের ওপর নির্ভরশীল, তাই দাম কমলে খরচও কমে যায়।

ইরান-আমেরিকা সংঘর্ষবিরতি ঘোষণা করতেই এশিয়ার শেয়ার বাজারেও সূচক চড়চড়িয়ে বেড়েছে। দক্ষিণ কোরিয়ার কসপি ৫.৬৯ শতাংশ বৃদ্ধি পায়। জাপানের নিক্কেই ২২৫-ও ৪.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ওয়াল স্ট্রিটেও এখন খুশির হাওয়া। এসঅ্যান্ডপি ৫০০ ও ন্যাসডাক যথাক্রমে ০.০৮ শতাংশ ও ০.১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *