IPL 2026 : গুয়াহাটিতে ছক্কার বৃষ্টি, ইতিহাস গড়লেন ১৫ বছরের ‘বিস্ময়’ কিশোর।

কলকাতা : গতকাল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুম্বইকে হারিয়েছে রাজস্থান। মারকুটে ব্যাটিং করেছেন বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সোয়াল। ১৪ বলে ৩৯ রান করেছে বৈভব। এমনকি বিপক্ষে যশপ্রীত বুমরার মতো বোলারকে দেখেও ভয় পায়নি সে। উল্টে প্রথম ওভারেই মেরেছে ২ ছক্কা। এরপরেই চাঞ্চল্য ছড়িয়েছে বৈভবকে ঘিরে।
আইপিএলে গত বছর অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে বৈভব। গতবছর করেছিল সেঞ্চুরি। গতকাল ছক্কার নিরিখে ঋষভ পন্থ, ঈশানদের ছাড়িয়ে গিয়েছে সে। গতকাল মোট ৫টি ছক্কা মেরেছে বৈভব। এরমধ্যে ২টি বুমরার বিরুদ্ধে। তবে অর্ধশতরান না করলেও রেকর্ড গড়েছে বৈভব। ২০ বছরের কম বয়েসে ৩৫টি ছক্কা মেরেছে বৈভব। ঋষভ পন্থ ও ঈশান ২০ বছরের কম বয়সে মেরেছিলেন ৩০টি ছক্কা। মুম্বইয়ের বিরুদ্ধে সেই রেকর্ড ভেঙে দিয়েছে বৈভব। আইপিএলের ইতিহাসে ২০ বছরের কম বয়সে ৩০-এর বেশি ছক্কা মারার রেকর্ড তিনিই গড়লেন।
এছাড়া আরও একটি রেকর্ড গড়লেন তিনি। ১৫ বছর বয়সী বৈভব সবথেকে কম বলের ব্যবধানে ছয় মারার রেকর্ডও গড়েছেন। কমপক্ষে ২০ বল খেলার নিরিখে এই রেকর্ড গড়েছে বৈভব। প্রতি ৪.৯ বল অন্তর একটি ছক্কা মেরেছে বৈভব। এর আগে এই রেকর্ড গড়েছিলেন রোমারিও শেপার্ড। প্রতি ৫.১ বলে একটি ছক্কা মেরেছিলেন রোমারিও। তালিকায় পঞ্চম স্থানে কেকেআরের আন্দ্রে রাসেল। তিনি মেরেছে প্রতি ৬.১ বল অন্তর একটি ছক্কা।
২০১৬-২০১৮ গুজরাট লায়ন্স ও মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে ৩০টি ছক্কা মেরেছিলেন ঈশান। ২০১৬-১৭ সালে একই সংখ্যার ছয় মেরেছিলেন পন্থ। ২২ ও ১৯টি করে ছয় মেরেছিলেন সঞ্জু স্যামসন ও পৃথ্বী শ। তবে সবার রেকর্ড ভেঙে দিলেন এই ১৫ বছরের কিশোর।