Basanti Highway Accident: অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বাসন্তীর দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের

উত্তর ২৪ পরগনা: অটোর সঙ্গে চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ব্যস্ত সময়ে উত্তর ২৪ পরগনার বাসন্তীতে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হল তিন জনের। ঘটনাটি ঘটেছে
উত্তর ২৪ পরগনার মিনাখাঁর বাসন্তী হাইওয়েতে। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকজনের আঘাত গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অটোটা মালঞ্চের দিকে যাচ্ছিল। অটোতে যত জন যাত্রী বসতে পারেন, তার থেকে আরও বেশি যাত্রী তোলা হয়েছিল। এদিকে, অটোর গতিবেগও স্বাভাবিকের থেকে বেশি ছিল। উল্টোদিক থেকে আসছিল একটি প্রাইভেট চার চাকা গাড়ি। সেই গাড়ির গতিবেগও বেশি ছিল। মিনাখাঁ গ্রাম পঞ্চায়েত অফিসের সামনেই দুটি গাড়ি মুখোমুখি চলে আসে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। অটো থেকে ছিটকে পড়েন যাত্রীরা।
গাড়ির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। কিন্তু ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ঘাতক গাড়ি ও দুমড়ে যাওয়া অটোটিকে উদ্ধার করে মিনাখাঁ থানার পুলিশ তদন্ত শুরু করেছে।