Minakhan Bomb Recovery: মিনাখাঁয় আইএসএফ নেতার বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার, ষড়ষন্ত্রের গন্ধ পাচ্ছেন প্রার্থী

মিনাখাঁ: ভোট যত এগিয়ে আসছে ততই তপ্ত হচ্ছে পরিস্থিতি। ভোটমুখী বাংলায় এবার ফের আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। উত্তর ২৪ পরগনার মিনাখাঁ বিধানসভার অন্তর্গত কুমরজোল অঞ্চলে এক আইএসএফ (ISF) নেতার বাড়ি থেকেই তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মিনাখাঁ থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। তখনই আইএসএফ নেতা আবু সালাম হালদারের বাড়ি থেকে ছয়টি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করে।
ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে মিনাখাঁ থানার পুলিশ। ছুটে আসে কেন্দ্রীয় বাহিনী। খবর দেওয়া হয় বোম ডিসপোজাল স্কোয়াডকেও। শেষে অত্যন্ত সতর্কতার সঙ্গে বোমাগুলো উদ্ধার করে বিদ্যাধরী নদীর পাশে একটি নির্জন ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানেই সেগুলি নিষ্ক্রিয় করা হয়।
নির্বাচনের ঠিক মুখে একজন রাজনৈতিক নেতার বাড়ি থেকে এভাবে বোমা উদ্ধারের ঘটনায় স্বভাবতই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কী উদ্দেশ্যে সেকানে বোমাগুলো মজুত করা হয়েছিল, ভোটের সঙ্গে এর কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। জোরকদমে তদন্ত শুরু করেছে মিনাখাঁ। একইসঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকার নিরাপত্তাও আরও জোরদার করা হয়েছে।
অন্যদিকে, এই ঘটনায় আবার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মিনাখাঁ বিধানসভার আইএসএফ প্রার্থী প্রতীক মণ্ডল। তিনি আবু সালাম হালদারের বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনাকে একটি সুপরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, নির্বাচনের আগে আইএসএফ-কে কালিমালিপ্ত করতে, দলের কর্মীদের মনোবল ভাঙতেই এই ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। গোটা ঘটনার যথাযথ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।