Shreya Pandey: কোটি টাকার ফ্ল্যাট, বিঘে-বিঘে জমি, সাধন-কন্যা শ্রেয়া কত সম্পত্তির মালিক জানেন - 24 Ghanta Bangla News
Home

Shreya Pandey: কোটি টাকার ফ্ল্যাট, বিঘে-বিঘে জমি, সাধন-কন্যা শ্রেয়া কত সম্পত্তির মালিক জানেন

Shreya Pandey: কোটি টাকার ফ্ল্যাট, বিঘে-বিঘে জমি, সাধন-কন্যা শ্রেয়া কত সম্পত্তির মালিক জানেন

কলকাতা: মানিকতলার পাণ্ডে পরিবার চিরকাল রাজ্য় রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বড়তলা থেকে মানিকতলা, জীবনে কখনও ভোটে হারেননি সাধন পাণ্ডে। এবার পরীক্ষায় অবতীর্ণ হচ্ছেন প্রয়াত সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে। মানিকতলা থেকেই টিকিট পেয়েছেন তিনি। সাধনের মৃত্যুর পর থেকেই রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা গিয়েছে তাঁকে। তবে আগে কখনও ভোটের টিকিট পাননি। আগে অভিনেত্রী হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই শ্রেয়ার সম্পত্তি কত জানেন?

কত আয় শ্রেয়ার?

গত পাঁচ বছরের আয়ের হিসেব মনোনয়ন পত্রে উল্লেখ করেছেন শ্রেয়া। ২০২০-২১ অর্থবর্ষে শ্রেয়ার আয় ছিল ৫ লক্ষ ৬৫ হাজার ৬১০ টাকা। পরের বছর সেই আয় ছিল ৫ লক্ষ ৫৪ হাজার ৫৮০ টাকা। ২০২২-২৩-এ শ্রেয়ার আয় বেড়ে হয় ১০ লক্ষ ১৬ হাজার ৩৭০ টাকা। ২০২৩-২৪-এ আয় আরও বেড়ে হয় ১৩ লক্ষ ২২ হাজার ৮০০ টাকা। আর ২০২৪-২৫ অর্থবর্ষে ১০ লক্ষ ৩৬ হাজার ৫৩৯ টাকা আয়ের কথা উল্লেখ করেছেন শ্রেয়া।

শ্রেয়ার বিরুদ্ধে মামলা

মনোনয়ন পত্রে একাধিক মামলার কথা উল্লেখ করেছেন শ্রেয়া। উল্লেখ রয়েছে, আর্থিক লেনদেন সংক্রান্ত মামলার কথা। উল্লেখ্য়, রোজভ্যালি-কাণ্ডে নাম জড়িয়েছিল শ্রেয়া পাণ্ডের। সিবিআই-এর দেওয়া চার্জশিটেও নাম ছিল শ্রেয়ার।

কত টাকা আছে শ্রেয়ার?

সাধন-কন্যার হাতে রয়েছে নগদ ৬ লক্ষ ৮২ হাজার ১২২ টাকা। একটি ব্যাঙ্কে এক ৪ লক্ষ ৪৬ হাজার ৭৪৮ টাকা রয়েছে শ্রেয়ার। একটি ব্যাঙ্কে, ২ লক্ষ ২৮ হাজার টাকা, একটিতে ১ লক্ষ ৯৫ হাজার টাকা, একটিতে ৫০ হাজার ও আর একটিতে ২ লক্ষ ১৪ হাজার। ২২ লক্ষ ২৩ হাজার টাকার এলআইসি পলিসি আছে শ্রেয়ার। এছাড়াও বেশ কিছু বিনিয়োগের কথা মনোনয়নে উল্লেখ করেছেন শ্রেয়া।

লক্ষ লক্ষ টাকার সোনা-রূপো

৬৪ লক্ষ ৯৬ হাজার টাকার সোনার গয়না আছে মানিকতলার তৃণমূল প্রার্থীর। রয়েছে ৪ লক্ষ ৬০ হাজার টাকার রূপোর বাসনপত্র। সব মিলিয়ে শ্রেয়ার অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ১৪ লক্ষ ৫৮ হাজার ৩১৯ টাকার।

শ্রেয়ার জমি-বাড়ি-ফ্ল্যাট

একটি ১.৭৫ বিঘা করে দুটি জমি রয়েছে শ্রেয়ার নামে, যার বর্তমান মূল্য যথাক্রমে ১২ লক্ষ ২৫ হাজার টাকা ও ১২ লক্ষ ৪ হাজার টাকা বলে উল্লেখ করেছেন শ্রেয়া। এগুলো সবই চাষযোগ্য জমি। এছাড়া মধ্যমগ্রামে সাড়ে ৫ কাঠার একটি জমি রয়েছে তাঁর, যার বর্তমান মূল্য ২৭ লক্ষ ৫০ হাজার টাকা। যতীন্দ্র মোহন এভিনিউয়ের পৈতৃক বাড়িতে শ্রেয়ার ৫০ শতাংশ শেয়ার আছে।

কলকাতায় মোট তিনটি ফ্ল্যাট রয়েছে শ্রেয়ার। তিনটি ফ্ল্যাটের মূল্য যথাক্রমে ১ কোটি ১০ লক্ষ টাকা, ২২ লক্ষ ৫০ হাজার টাকা ও ৪ কোটি ৬৫ লক্ষ টাকা। মোট ৭ কোটি ৭৯ লক্ষ ৪ হাজার টাকার স্থাবর সম্পত্তির কথা উল্লেখ করেছেন শ্রেয়া পাণ্ডে। তবে শ্রেয়ার ঋণের অঙ্কও নেহাত কম নয়। সব মিলিয়ে প্রায় ৩ কোটি ৫৪ লক্ষ ৯৬ হাজার ২৫৯ টাকা ঋণ রয়েছে তাঁর। আয়ের উৎস হিসেবে ব্যবসার কথা উল্লেখ করেছেন সাধন পাণ্ডের মেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *