Sabina Yasmin Assets Growth: সাবিনার কত টাকা আছে জানেন? - 24 Ghanta Bangla News
Home

Sabina Yasmin Assets Growth: সাবিনার কত টাকা আছে জানেন?

Sabina Yasmin Assets Growth: সাবিনার কত টাকা আছে জানেন?

মালদহ: আগে ছিলেন মোথাবাড়ির বিধায়ক। এবার তাঁকে সুজাপুরে এনেছে দল। কিন্তু গত ৫ বছরে কতটা সম্পত্তি বাড়ল সাবিনা ইয়াসমিনের? কী বলছে নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য? প্রথম দফার ভোটেই নির্বাচন হতে চলেছে সুজাপুরে। ইতিমধ্যে মনোনয়নও জমা দিয়ে দিয়েছেন সাবিনা।  নির্বাচন কমিশনে দাখিল করা তাঁর হলফনামা বিশ্লেষণ করলে প্রার্থীর আয়, স্থাবর-অস্থাবর সম্পত্তি এবং শিক্ষাগত যোগ্যতার একটি পরিষ্কার চিত্র উঠে আসছে। 

হলফনামা বলছে গত পাঁচ বছরে প্রার্থী এবং তাঁর স্বামীর বার্ষিক আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৫-২০২৬ অর্থবর্ষে প্রার্থীর নিজস্ব আয় ১০,৫৬,৮০০ টাকা। তাঁর স্বামীর আয় ১৭,৩৩,৮১২ টাকা। ২০২৪-২০২৫ অর্থবর্ষে প্রার্থীর আয় ছিল ৭,৯৪,৭৪০ টাকা। স্বামীর আয় ছিল ১৪,৬০,২৮০ টাকা। ২০২৩-২০২৪ অর্থবর্ষে প্রার্থীর আয় ৪,৪৩,৯৮১ টাকা, স্বামীর আয় ৯,০০,৯৯০ টাকা। ২০২২-২০২৩ অর্থবর্ষে সাবিনার আয় ছিল ৪,২৭,৫৯০ টাকা, স্বামীর আয় ৬,৩১,০৮০ টাকা। সেখানে ২০২১-২০২২ অর্থবর্ষে অঙ্কটা ছিল ৪,৫৭,২৩০ টাকা, স্বামীর আয় ছিল ৪,৯৯,৬৮০ টাকা। 

হলফনামা অনুযায়ী, সাবিনা ইয়াসমিনের আয়ের প্রধান উৎস হলো বিধায়ক (MLA) হিসেবে প্রাপ্ত বেতন ও ভাতা। অন্যদিকে, তাঁর স্বামী মহম্মদ মেহবুব আলম মূলত ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর যা আয় তা সেখান থেকেই। সাবিনার নামে পিএনবি, এসবিআই-র মতো ব্যাঙ্কে বেশ কিছু টাকা জমানো রয়েছে। রয়েছে বিমা পলিসি, গয়নাও। অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে সাবিনার কাছে মোট রয়েছে ২৭ লাখের কিছু বেশি। সেখানে স্বামীর কাছে মোট রয়েছে ১ লাখ ৭৪ হাজারের কিছু বেশি টাকা। 

অন্যদিকে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে ছবিটা কিন্তু বেশ বড়। সাবিনার নিজের নামে প্রায় ১ কোটিরও বেশি মূল্যের জমি-বাড়ি রয়েছে, যার বেশিরভাগই মালদা জেলার বিভিন্ন এলাকায়। সব মিলিয়ে পরিবারের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটির গণ্ডি পেরিয়েছে। তবে সাবিনার হাতে নগদ রয়েছে ২৩ হাজার। স্বামীর হাতে নগদ রয়েছে ৮৩৫০০।  

তথ্য বলছে, মালদার কালিয়াচক ও ইংলিশ বাজার এলাকায় প্রার্থীর নামে কৃষি জমি রয়েছে। এছাড়াও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির উল্লেখ রয়েছে হলফনামায়। একইসঙ্গে তাঁর নামে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে নেওয়া ৭৫,৭০,৬৬৭ টাকার একটি লোন রয়েছে। তবে বিদ্যুৎ, জল বা টেলিফোন বিল বাবদ কোনও বকেয়া নেই বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন। ফিক্সড ডিপোজিট, শেয়ার বা বড় বিনিয়োগের উল্লেখ নেই। সাবিনা ইয়াসমিন আবার একাধারে যথেষ্ট উচ্চশিক্ষিতও বটে। ২০০২ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাশ করেন। হলফনামায় তাঁর বর্তমান পেশা হিসেবে সমাজসেবা, জনসেবার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বিচারাধীন নেই, তিনি কোনও মামলায় সাজাপ্রাপ্ত নন বলে হলফনামায় দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *