DEV in Election Campaign: তৃণমূল কর্মীদের সেলফি তোলার হিড়িক? দেবকে দেখতে না পেয়ে ফিরলেন সাধারণ মানুষ - 24 Ghanta Bangla News
Home

DEV in Election Campaign: তৃণমূল কর্মীদের সেলফি তোলার হিড়িক? দেবকে দেখতে না পেয়ে ফিরলেন সাধারণ মানুষ

DEV in Election Campaign: তৃণমূল কর্মীদের সেলফি তোলার হিড়িক? দেবকে দেখতে না পেয়ে ফিরলেন সাধারণ মানুষ

বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট

ইসলামপুর: লিওনেল মেসির কথা মনে আছে? যুবভারতী ঘটনার কথা মনে আছে? অভিযোগ উঠেছিল টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী অরূপ বিশ্বাস ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। যদিও সেই সময় মেসিকে টিকিট কেটে দেখতে এসেছিলেন সকলে। এক্ষেত্রে তেমনটা না হলেও, আবারও সেইরকমই  ঘটনার পুনরাবৃত্তি। এবারের ঘটনাস্থল উত্তর দিনাজপুরের ইসলামপুর। সেখানে দেবকে দেখতে উপস্থিত ছিলেন প্রচুর মানুষ। কিন্তু অভিযোগ, অভিনেতাকে ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল নেতারাই। তবে, বিশৃঙ্খলার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল।

সোমবার স্টেট ফার্ম কলোনির মাঠে দেব হেলিকপ্টার থেকে নামেন। তাঁকে ঘিরে ফেলেন তৃণমূলের কর্মী-সমর্থক এবং নেতার পরিচিতরা। অভিযোগ, এর ফলে তাঁকে কার্যত দেখতেই পাননি সাধারণ মানুষ বলে অভিযোগ। যথেষ্ট অসুবিধা বোধ করেন তাঁরা। তারপর চড়া রোদে ঘণ্টার পর ঘণ্টা মাঠে অপেক্ষায় ছিলেন দেব ভক্তরা। কিন্তু না দেখেই ফিরতে হয় বলে অভিযোগ। সেলফি তুলতে, হাত মেলাতে, গলায় উত্তরীয় পরাতে গিয়ে রীতিমতো দেবের শরীরের উপর পড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। কার্যত বিরক্ত বোধ থেকে লোকজনকে সরে যেতে বলছিলেন দেব। স্বাভাবিক ভাবেই দেবের নিরাপত্তা এবং তৃণমূলের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।  উপচে পড়া দেব ভক্তদের ভিড় এবং বিশৃঙ্খলা সামাল দিতে কার্যত বেগ পেতে হয় পুলিশকেও।

এখানে উল্লেখ্য, ইসলামপুরের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনেই  অলিগঞ্জ বাইপাস পর্যন্ত রোড শো করার কথা ছিল দেবের। কিন্তু সময়ের অভাব এবং নেতা-কর্মী এবং ভক্তদের ভিড়ে তৈরি হওয়া বিশৃঙ্খলায় তিস্তা মোড় থেকেই কানাইয়াকে ছেড়ে অন্য গাড়িতে বেরিয়ে যান দেব। তাঁকে দেখার অপেক্ষায় শহরের আশ্রমপাড়া মোড়, চৌরঙ্গী মোড়, PWD মোড়, বাস টার্মিনাসে সহ বিভিন্ন এলাকায় অপেক্ষায় ছিলেন শয়ে শয়ে দেব ভক্তরা। কিন্তু একবারের জন্যেও চোখের দেখা দেখতে না পেয়ে বেদনায় বাড়ি ফিরেছেন তাঁরা। বিশৃঙ্খলার বিষয় অস্বীকার করে তৃণমূল প্রার্থী

কানাইয়ালাল আগরওয়াল বলেন, “এত মানুষের ভিড় হবে তা কল্পনা করা যায়নি। যে কোনও ধরনের দুর্ঘটনা হলে আরও বড় বিপদ হয়ে যেত। কানকি এবং ডালখোলায় দুটি কর্মসূচি থাকার কারণে দেবকে বেরিয়ে যেতে হয়েছিল। তবে দেবের সঙ্গে কথা হয়েছে যতখানি রুট বাকি আছে, পরবর্তীতে সেখানে আবার রোড শো করবেন তিনি। অন্যদিকে দেবও ভিডিও বার্তা পাঠিয়ে রোড শো সম্পন্ন করতে না পারার জন্য সকলের কাছে ক্ষমা চেয়েছেন। তারপরও রোদ এবং ভিড়ে কষ্ট করে কয়েক ঘন্টা অপেক্ষার পরও দেবকে দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেব ভক্তরা। সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়ে পোস্ট করছেন তারা। ভোটের মুখে সাধারণ মানুষের এই ক্ষোভ ভোট ব্যাংকেও পরার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

পরে একটি ভিডিয়ো করেন দেব। ক্ষমা চেয়ে তিনি বলেন, “আমি প্রচারে এসেছিলাম। কিন্তু র‌্যালি শেষ করতে পারলাম না। এর জন্য দুঃখিত। প্রচুর মানুষ এসেছিলেন দেখবেন বলে। কিন্তু পরপর যেহেতু প্রচার রয়েছে তাই সেই কারণেই আমায় র‌্যালি না করে বেরিয়ে আসতে হল।” এক মহিলা অভিযোগ করে বলেন, “আমরা দেখতে এসেছিলাম। না খেয়ে না দেয়ে দাঁড়িয়েছিলাম দেখতেই পেলাম না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *