কিছু বাংলা ধারাবাহিকের রেটিং তলানিতে! কাল থেকে কর্মবিরতির জন্য কী প্রভাব পড়বে? - 24 Ghanta Bangla News
Home

কিছু বাংলা ধারাবাহিকের রেটিং তলানিতে! কাল থেকে কর্মবিরতির জন্য কী প্রভাব পড়বে?

কিছু বাংলা ধারাবাহিকের রেটিং তলানিতে! কাল থেকে কর্মবিরতির জন্য কী প্রভাব পড়বে?

রাত পেরোলেই টলিপাড়ায় কর্মবিরতি। সব ধারাবাহিকের শুটিং বন্ধ। এদিকে বাংলা ধারাবাহিকের এপিসোডের ব্যাঙ্কিং সেরকম নেই। তাই সোমবার সকাল থেকেই জোরকদমে টলিপাড়ার স্টুডিয়োতে শুটিং শুরু হয়ে গেল।

বাংলা ধারাবাহিক এতে কতটা সমস্যায় পড়তে পারে? ‘তারে ধরি ধরি মনে করি’, ‘গঙ্গা’ থেকে ‘লক্ষ্মী ঝাঁপি’-র মতো ধারাবাহিকের তত্ত্বাবধানে থাকা শ্রীজিত্‍ রায় TV9 বাংলাকে জানালেন, ”আমরা সকলেই এই কর্মবিরতিকে সমর্থন করি। এমনিতে বিশ্বকাপ আর আইপিএল-এর জন্য বেশ চ্যালেঞ্জের মুখে পড়েই বাংলা ধারাবাহিকের রেটিং ভালো রাখতে হয়েছে। তারপর ভোটের সময়ে দর্শকদের চোখ আটকে যায় নিউজ চ্যানেলে। তার মধ্যে যদি ভালো করে এপিসোড টেলিকাস্ট না হয়, তা হলে সমস্যা। কিন্তু সুরক্ষার দিকটা নিশ্চিত করা প্রয়োজন।”

সোমবার সকাল হতেই  শিল্পীরা এসে পৌঁছালেন শুটিং ফ্লোরে। সকাল-সকাল শুরু হয়ে গেল শুটিং। শুটিং ফ্লোর জুড়ে অনেকের কপালেই চিন্তার ভাঁজ। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেননি অনেক অভিনেতা-অভিনেত্রী-টেকনিশিয়ানরা। তার উপর এবার কাজ নিয়ে অনিশ্চয়তার কারণে, শুটিং ফ্লোরে টেনশনের পারদ চড়ছে।

লক্ষণীয় বাংলা ধারাবাহিকের রেটিং সামগ্রিকভাবে পড়েছে। ‘ভোলে বাবা পার করেগা’, ‘সাত পাকে বাঁধা’, ‘বেশ করেছি প্রেম করেছি’, ‘চিরসখা’, ‘আনন্দী’-র মতো ধারাবাহিকের রেটিং সম্প্রতি বার্ক রেটিং-এর নির্দিষ্ট গ্রুপে ৩ টপকাতে পারেনি। দু’-তিনটে ধারাবাহিক ৬ রেটিং ছুঁতে পারলেও, চার বা সাড়ে চার রেটিংয়ে আটকে যাচ্ছে প্রাইম টাইমের কিছু ধারাবাহিক। তাই এমন কর্মবিরতি বাংলা ধারাবাহিকের রেটিংয়ে কী প্রভাব বিস্তার করবে, সেই দিকে নজর টলিপাড়ার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *