Purbo Burdwan: পুরস্কৃত আধিকারিকই সাসপেন্ড, বড় পদক্ষেপ কমিশনের - 24 Ghanta Bangla News
Home

Purbo Burdwan: পুরস্কৃত আধিকারিকই সাসপেন্ড, বড় পদক্ষেপ কমিশনের

Spread the love

Purbo Burdwan: পুরস্কৃত আধিকারিকই সাসপেন্ড,  বড় পদক্ষেপ কমিশনের

পূর্ব বর্ধমান: পুরস্কৃত আধিকারিকই সাসপেন্ড, নির্বাচনের মুখে বড় পদক্ষেপ করল কমিশন। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের যুগ্ম বিডিও জ্যোৎস্না খাতুনকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। এসআইআর পর্বে দক্ষতার সঙ্গে কাজ করে কমিশনের প্রশংসা ও পুরস্কার পাওয়ার কিছুদিনের মধ্যেই এই শাস্তিমূলক পদক্ষেপ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে।

জানা গিয়েছে, ২০২৫ সালের শুরুর দিকে খণ্ডঘোষ ব্লকে যুগ্ম বিডিও হিসেবে যোগ দেন জ্যোৎস্না খাতুন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রায় দু’মাস ধরে চলা এসআইআর প্রক্রিয়ায় এইআরও(AERO) হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান তিনি। তাঁর কাজের প্রশংসা করে নির্বাচন কমিশন তাঁকে পুরস্কৃতও করে।

তবে হঠাৎ করেই পরিস্থিতির আমূল পরিবর্তন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের একাধিক বিডিও ও যুগ্ম বিডিওকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সেই তালিকায় নাম রয়েছে জ্যোৎস্না খাতুনেরও। শুক্রবার সন্ধ্যায় এই খবর প্রকাশ্যে আসতেই খণ্ডঘোষ ব্লক জুড়ে তীব্র আলোড়ন তৈরি হয়।
ব্লক প্রশাসনের আধিকারিকদের একাংশ এই সিদ্ধান্তে বিস্মিত বলে জানা গিয়েছে। যিনি কিছুদিন আগেই কমিশনের তরফে সম্মানিত হয়েছিলেন, তাঁর বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হবে এমনটা কেউই ভাবতে পারেননি বলে মত অনেকের।

যদিও এই সাসপেনশন নিয়ে জ্যোৎস্না খাতুনের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের তরফেও বিস্তারিত কারণ জানানো হয়নি। নির্বাচনের মুখে এই ধরনের পদক্ষেপ প্রশাসনিক স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার উদ্দেশ্যেই বলে মনে করা হচ্ছে। তবে ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *