BJP Candidate list: আরও ৫ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, বিষ্ণুপুরে ৩ বার নাম বদল, ফিরহাদের বিরুদ্ধে এখনও কাউকে পেল না পদ্ম শিবির - 24 Ghanta Bangla News
Home

BJP Candidate list: আরও ৫ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, বিষ্ণুপুরে ৩ বার নাম বদল, ফিরহাদের বিরুদ্ধে এখনও কাউকে পেল না পদ্ম শিবির

Spread the love

BJP Candidate list: আরও ৫ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, বিষ্ণুপুরে ৩ বার নাম বদল, ফিরহাদের বিরুদ্ধে এখনও কাউকে পেল না পদ্ম শিবির

কলকাতা: বাংলায় বিধানসভা ভোটে আরও ৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। আবার ৩ আসনে প্রার্থীকেও বদল করা হল। এরই মধ্যে কলকাতা বন্দরে প্রার্থী নিয়ে জল্পনা জারি রইল। কলকাতা বন্দরে তৃণমূলের ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রার্থী কে হবেন? এখনও ঠিক করে উঠতে পারল না পদ্ম শিবির। শনিবারের প্রার্থী তালিকা ঘোষণার পর শুধু কলকাতা বন্দরে প্রার্থীর নামই বাকি রইল বিজেপির।

বাংলায় দুই দফায় নির্বাচন। আর বিজেপি তাদের প্রার্থী তালিকা একাধিক দফায় (এই নিয়ে পাঁচ দফায়) ঘোষণা করল। এদিন ৫ প্রার্থীকে ধরে ২৯২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। দমদম উত্তরে প্রয়াত তপন শিকদারের ভাইপো সৌরভ শিকদারকে প্রার্থী করল বিজেপি। মধ্যমগ্রাম আসনে প্রার্থী হলেন রাজু বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া পূর্বে প্রার্থী করা হল রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে।

একুশের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর আসনে বিজেপির টিকিটে জিতেছিলেন মুকুল রায়। পরে তিনি তৃণমূলে চলে যান। কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন তিনি। স্বাভাবিকভাবে এই আসনে নতুন প্রার্থী দিল বিজেপি। কৃষ্ণনগর উত্তরে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারকনাথ চট্টোপাধ্যায়।

নদিয়ার কল্যাণী আসনে বাদ পড়লেন বিদায়ী বিধায়ক অম্বিকা রায়। এখানে বিজেপি প্রার্থী করল অনুপম বিশ্বাসকে। অম্বিকার বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্ব, কল্যাণী এইমসে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কয়েকদিন আগে তাঁকে যেন প্রার্থী না করা হয়, এই দাবিতে উত্তাল হয়েছিল বিজেপির সল্টলেক দফতর। এদিন দেখা গেল, তাঁকে আর টিকিট দিল না পদ্ম শিবির।

এদিন ৩ আসনে প্রার্থীর নামও বদল করল বিজেপি। বসিরহাট উত্তরে প্রার্থী করা হল কৌশিক সিদ্ধার্থকে। বেহালা পূর্বে নতুন প্রার্থী হলেন শঙ্কর শিকদার। আবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর আসনে এই নিয়ে ৩ বার প্রার্থী বদল করল পদ্ম শিবির। প্রথমে গতবারের প্রার্থী অগ্নিশ্বর নস্করের নাম ঘোষণা করা হয়েছিল। এসসি সংরক্ষিত ওই আসনে দ্বিতীয়বার বিশ্বজিৎ খাঁর নাম ঘোষণা করা হয়। কিন্তু তিনি এসসি নন। অবশেষে তৃতীয়বার অভিজিৎ সর্দারকে প্রার্থী করল পদ্ম শিবির।

সবমিলিয়ে ২৯২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। বাঁকুড়ার জয়পুর আসনটি আদিবাসী কুড়মি সমাজকে ছেড়ে দিয়েছে তারা। সেখানে বিজেপি সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্বজিৎ মাহাতো। যিনি কুড়মি নেতা অজিত মাহাতোর ছেলে।

কিন্তু, প্রশ্ন উঠছে, এখনও কলকাতা বন্দর আসনে প্রার্থীর নাম কেন ঘোষণা করল না বিজেপি? বিজেপি সূত্রে খবর, রাকেশ সিংয়ের জেল থেকে ছাড়া পাওয়ার অপেক্ষা করছে বঙ্গ বিজেপি। তাহলে কি রাকেশ সিংকে প্রার্থী করা হবে ফিরহাদের বিরুদ্ধে? শেষ পর্যন্ত এই আসনে বিজেপি কাকে প্রার্থী করে, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *