Raghav Chadha-AAP Controversy: সিঙাড়া নিয়ে সংসদে কথা বলেছে! রাঘবের ‘হার না মানা’ পোস্টের পরই তেড়েফুঁড়ে উঠল AAP - 24 Ghanta Bangla News
Home

Raghav Chadha-AAP Controversy: সিঙাড়া নিয়ে সংসদে কথা বলেছে! রাঘবের ‘হার না মানা’ পোস্টের পরই তেড়েফুঁড়ে উঠল AAP

Spread the love

Raghav Chadha-AAP Controversy: সিঙাড়া নিয়ে সংসদে কথা বলেছে! রাঘবের ‘হার না মানা’ পোস্টের পরই তেড়েফুঁড়ে উঠল AAP

নয়া দিল্লি: আম আদমি পার্টির অন্দরে দ্বন্দ্ব চরমে। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)-কে। আম আদমি পার্টির (Aam Aadmi Party) এই পদক্ষেপের পরই রাঘব চাড্ডা সোশ্যাল মিডিয়ায় নিজের ভিডিয়ো পোস্ট করে লিখলেন, “সাইলেন্সড, বাট ইজ নট ডিফিটেড” (Silenced but not Defeated)। অর্থাৎ তাঁকে চুপ করিয়ে দেওয়া হলেও, তিনি হার মানছেন না। এদিকে, আম আদমি পার্টিও পাল্টা জবাব দিয়েছে রাঘব চাড্ডাকে। প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে কথা বলতে ভয় পান রাঘব, এমনটাই দাবি কেজরীবালের পার্টির।

গতকাল আম আদমি পার্টির তরফে হঠাৎ ঘোষণা করা হয় যে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে রাঘব চাড্ডাকে। তাঁকে যেন সংসদে কথা বলতে সুযোগ না দেওয়া হয়, সেই আবেদনও জানানো হয়। এর কিছুক্ষণ পরই রাঘব চাড্ডা ‘আম আদমি’র উদ্দেশে বার্তা দিয়ে লেখেন যে যখনই তিনি সংসদে বলার সুযোগ পেয়েছেন, তিনি সাধারণ মানুষের ইস্যু তুলে ধরার জন্যই সেই সুযোগ ব্যবহার করেছেন। প্রশ্ন করেন যে সাধারণ মানুষের ইস্যু তুলে ধরা কি অপরাধ? তিনি কি কোনও ভুল করেছেন? পোস্টে তিনি বলেন, “আমি এই প্রশ্ন করছি কারণ আপ সেক্রেটারিয়েটকে বলেছে যে রাঘব চাড্ডাকে যেন সংসদে বলতে না দেওয়া হয়।”

এদিকে, এই বিতর্কে আরও ঘৃতাহুতি দিয়ে আম আদমি পার্টির তরফে পাল্টা আক্রমণ করা হয়েছে রাঘব চাড্ডাকে। অভিযোগ তোলে যে সাংসদ রাঘব চাড্ডা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলতে ভয় পান। জাতীয় ইস্যু নিয়ে কথা না বলে, সিঙাড়া নিয়ে কথা বলে সংসদের মূল্যবান সময় তিনি নষ্ট করেছেন।

এ দিন আম আদমি পার্টির ন্যাশনাল মিডিয়া চিফ অনুরাগ ধান্দা বলেন, “বিগত কয়েক বছরে রাঘব তুমি ভীতু হয়ে গিয়েছো। মোদীর বিরুদ্ধে কথা বলতে ভয় পাও তুমি। দেশের আসল ইস্যু তুলে ধরতে ভয় পাও। সংসদে সীমিত সময় পাওয়া যায়, ওই সময়ে আমরা দেশকে বাঁচানোর জন্য লড়াই করতে পারি বা বিমানবন্দরের ক্যান্টিনে সিঙাড়া সস্তা করা নিয়ে বলতে পারি।”

আপের অভিযোগ, বিভিন্ন ইস্যুতে দলের পাশে দাড়াননি রাঘব চাড্ডা। গুজরাটে যখন আপ কর্মীদের গ্রেফতার করা হয়েছিল, তখন সংসদে সেই ইস্যু তোলেননি রাঘব। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে আর্জিতেও সই করেননি তিনি। এমনকী, সংসদে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যের সময় বাকি সদস্যরা ওয়াক-আউট করলেও রাঘব চাড্ডা বসেছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *