Petrol-Diesel Price : পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে এবার মহার্ঘ্য ডিজ়েল, একলাফে কত বাড়ল দাম? - 24 Ghanta Bangla News
Home

Petrol-Diesel Price : পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে এবার মহার্ঘ্য ডিজ়েল, একলাফে কত বাড়ল দাম?

Spread the love

Petrol-Diesel Price : পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে এবার মহার্ঘ্য ডিজ়েল, একলাফে কত বাড়ল দাম?

নয়াদিল্লি : পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে প্রিমিয়ম পেট্রোলের দাম বেড়েছিল আগেই। এবার দাম বাড়ল ডিজ়েলের। শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজ়েলের দাম বাড়ানো হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ডিজ়েলের দাম ২৫ শতাংশের বেশি বৃদ্ধি করেছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি। এদিকে, ডিজ়েলের দাম বৃদ্ধির ফলে শিল্পক্ষেত্রে বিভিন্ন সেক্টরে মূল্যবৃদ্ধি হতে পারে। তবে, সাধারণ মানুষের জন্য ব্যবহৃত পেট্রোল-ডিজ়েলের দামে কোনও পরিবর্তন হয়নি।

জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা যেমন ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড ও ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন শিল্পক্ষেত্রে ডিজ়েলের দাম বৃদ্ধি করেছে। লিটার প্রতি ডিজ়েলের দাম বেড়েছে ২৮ টাকা ২২ পয়সা। যা আগের দামের তুলনায় ২৫ শতাংশের বেশি। বর্তমানে শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজ়েলের দাম বেড়ে হয়েছে ১৩৭ টাকা ৮১ পয়সা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই মূল্যবৃদ্ধি প্রযোজ্য হাই-স্পিড ডিজেল (HSD)-এর ক্ষেত্রে। যা সরাসরি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। সংস্থাগুলির দাবি, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এবং তার জেরে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ফার্নেস তেলের দামও লিটারপ্রতি ২৩টাকা ৭৭ পয়সা বাড়ানো হয়েছে। তবে সংস্থাগুলি জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে।

উল্লেখযোগ্যভাবে, গত দুই সপ্তাহের মধ্যে এটি শিল্পক্ষেত্রে ডিজ়েলের দ্বিতীয় বড় মূল্যবৃদ্ধি। এর আগে ২০ মার্চ দিল্লিতে শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজ়েলের দাম ৮৭ টাকা ৬৭ পয়সা থেকে বাড়িয়ে ১০৯ টাকা ৫৯ পয়সা করা হয়। অর্থাৎ প্রায় ২২ টাকা দাম বৃদ্ধি পায়। একই সময়ে প্রিমিয়াম পেট্রোলের দামও লিটারপ্রতি ২ টাকা বাড়ানো হয়েছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ১০৮.৪০ মার্কিন ডলারে পৌঁছেছে।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই ইন্ডিয়ান অয়েলের প্রিমিয়াম পেট্রোল-এক্সপি ১০০ পেট্রোল ও প্রিমিয়াম ডিজেল-এক্সট্রা গ্রিনের দাম বাড়ানো হয়েছে। আগে এক্সপি ১০০ পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ১৪৯ টাকা। সেই দাম বাড়িয়ে লিটার প্রতি ১৬০ টাকা করা হয়েছে। অন্যদিকে, এক্সট্রা গ্রিন-প্রিমিয়াম ডিজেল বাড়ানো হয়েছে এক টাকার বেশি। আগে দাম ছিল ৯১.৪৯ টাকা। এখন তা ৯২.৯৯ টাকাতে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *