NIA Probe Kaliachak Incident : মালদহে যাচ্ছে এনআইএ! খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম আসছে এত বড় টিম - 24 Ghanta Bangla News
Home

NIA Probe Kaliachak Incident : মালদহে যাচ্ছে এনআইএ! খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম আসছে এত বড় টিম

NIA Probe Kaliachak Incident : মালদহে যাচ্ছে এনআইএ! খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম আসছে এত বড় টিম

মালদহ : কালিয়াচক কাণ্ডের তদন্তে আজই মালদহে এনআইএ টিম। শুক্রবার ভোররাতেই কলকাতায় এসে পৌঁছেছেন তদন্তকারী অফিসাররা। জানা গিয়েছে এনআইএ-র টিমে রয়েছেন মোট ১৫ জন সদস্য়। টিমে দিল্লি, মুম্বইয়ের অফিসাররা রয়েছেন বলে খবর। খাগড়াগড় কাণ্ডের পর এই প্রথম এত বড় টিম গঠন করল এনআইএ। কালিয়াচকের ঘটনায় বৃহস্পতিবারই অসন্তোষ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। এনআইএ বা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। আদালতের নির্দেশের পরই এনআইএ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেই নির্দেশ মতোই এদিন কালিয়াচকে যাচ্ছে এনআইএ-র টিম।

জানা গিয়েছে, কালিয়াচক কাণ্ডের তদন্তে এনআইএ-এর টিমে যে তদন্তকারীরা রয়েছেন, তাঁদের বেছে বেছে নিয়োগ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ১৫ জন টিমের নেতৃত্বে রয়েছেন একজন এসপি পদমর্যাদার অফিসার। এছাড়া, টিমে রয়েছেন একাধিক ডিএসপি, ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর। মুম্বই ও দিল্লি থেকে আসছে এই টিম। এনআইএ-র টিমে যে তদন্তকারী অফিসাররা রয়েছেন, তাঁদের অভিজ্ঞতার ভিত্তিতে ঘটনার তদন্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে মত রাজনৈতিক মহলের। উল্লেখ্য, খাগড়াগড় কাণ্ডেও একজন ডিএসপি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে এনআইএ টিম গঠন করা হয়েছিল। এরপর কালিয়াচকের তদন্তে এত বড় ও প্রায় সমমর্যাদার তদন্তকারীদের দিয়ে টিম গঠন করা হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ঘটনাস্থলে যাচ্ছেন এনআইএ টিমের সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছেই সেদিন আটকে পড়া ৭ জুডিশিয়ল অফিসারদের সঙ্গে কথা বলবেন। বিডিও অফিস ঘুরে দেখবেন তাঁরা। সব খতিয়ে দেখে ৬ এপ্রিল এই সংক্রান্ত রিপোর্ট জমা দেবে এনআইএ টিম।

এদিকে, কালিয়াচকে এনআইএ টিম পৌঁছনোর আগেই মিম নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। রাজ্য পুলিশের সহায়তায় তাঁকে গ্রেফতার করে সিআইডি। ধৃতের নাম মোফাক্কেরুল ইসলাম। বুধবার রাত থেকেই ভাইরাল একটি ভিডিয়োতে বিপুল জমায়েতের মাঝে গাড়ির উপর দাঁড়িয়ে কিছু বক্তব্য রাখতে দেখা গিয়েছিল ওই ব্যক্তিকে। তারপর থেকেই তাঁকে খুঁজছিল পুলিশ। অবশেষে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল তাঁকে। জানা গিয়েছে, বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করছিল ওই ব্যক্তি। সেইসময়ই তাঁকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *