Nandigram: নন্দীগ্রামে তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু

পূর্ব মেদিনীপুর: তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাপানউতোর নন্দীগ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শক্তিপদ দাস (৬৫) ওরফে ফড়িং। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা নন্দীগ্রামের ভেকুটিয়ায়। জানা যাচ্ছে, তিনি নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া অঞ্চলের শ্রীপুর গ্রামের সক্রিয় তৃণমূল কর্মী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে অন্যান্য দিনের মতো কাজে বেরিয়েছিলেন ফড়িং। কিন্তু সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে অদূরে তাঁকে প্রায় সংজ্ঞহীন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের দাবি, বুধবার সন্ধ্যায় তৃণমূলের মিছিলে না যাওয়ার হুমকি দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ফড়িং যাতে পবিত্র করের মনোনয়ন জমা দেওয়ার সময়ে তাঁর পাশে না থাকেন, সেই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তারপর বৃহস্পতিবার সকালেই বাড়ির অদূরেই উদ্ধার হয় ফড়িংয়ের দেহ।
এলাকায় ফড়িং সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত। ভোটের মধ্যে তাঁর দেহ উদ্ধার ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এই নিয়ে পুলিশ এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট হবে না বলে পুলিশ জানিয়েছে।