প্রয়াত দীপালি চক্রবর্তী, শোকে তিন কন্যা সুদীপ্তা-বিদীপ্তা-বিদিশা - 24 Ghanta Bangla News
Home

প্রয়াত দীপালি চক্রবর্তী, শোকে তিন কন্যা সুদীপ্তা-বিদীপ্তা-বিদিশা

প্রয়াত দীপালি চক্রবর্তী, শোকে তিন কন্যা সুদীপ্তা-বিদীপ্তা-বিদিশা

টলিপাড়ায় একের পর এক খারাপ খবর। প্রয়াত হলেন নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী। তাঁর স্বামী বিশিষ্ট অভিনেতা বিপ্লবকেতন চক্রবর্তী প্রয়াত হয়েছিলেন ৭২ বছর বয়সে। দীপালি চলে গেলেন ৭৫ বছর বয়সে। তাঁদের তিন কন্যা বিদীপ্তা, বিদিশা এবং সুদীপ্তা সকলেই শোকাহত।

সমাজ মাধ্যমে মায়ের ছবি পোস্ট করেন সুদীপ্তা। তখনই টলিপাড়ার অনেকে জানতে পারেন এই খারাপ খবর। দু’ দিন ধরে হাসপাতালে ছিলেন দীপালি। তাঁর মস্তিষ্কে সমস্যা দেখা দিয়েছিল। অস্ত্রোপচার হয়। তবে শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার শহরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় দীপালির। মায়ের ছবি পোস্ট করে বিদীপ্তা লেখেন, ‘ভালো থেকো মা’। দীপালি বেশ প্রাণবন্ত মানুষ ছিলেন, তা বোঝা যেত তাঁদের পরিবারের বিভিন্ন ছবি দেখেই। মেয়ে এবং নাতনিদের নিয়ে অনেক সময়ে বেড়াতে যেতেন তিনি। পরিবারের সকলে মিলে তাঁরা যেসব ছবি পোস্ট করতেন, তা টলিপাড়ার বন্ধুদের বেশ পছন্দের ছিল।

সুদীপ্তা-বিদীপ্তার শোকের দিনে টলিপাড়ার বন্ধুরা সমাজ মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন। অনেকেই তাঁদের বাড়ি পৌঁছে যাবেন, তারপর শেষকৃত্যে অংশ নেবেন। প্রসঙ্গত, সুদীপ্তা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে অত্যন্ত ভেঙে পড়েছেন। টিভিনাইন বাংলাকে তিনি জানান, তাঁর অনেক বড় ক্ষতি হয়ে গেল।

শুটিং করতে গিয়ে ২৯ মার্চ প্রাণ হারান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেদিন রাহুলের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সুদীপ্তা। পরদিন রাহুলের শেষকৃত্যের সময়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। সেই শোক সামলে ওঠার আগেই মায়ের মৃত্যুর খবর পেলেন সুদীপ্তা-বিদীপ্তা। টলিপাড়ায় তাঁদের বন্ধুরা সকলেই এই মুহূর্তে পরিবারের পাশে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *