SIR-এ নাম বাদ যাওয়া নিয়ে বাড়ছে বিক্ষোভ, কী হল মালদহে?
ভোটার তালিকা থেকে নাম বাদ। দফায় দফায় মালদহ জেলার একাধিক বিধানসভা এলাকায় বিক্ষোভ। মালদহের মোথাবাড়ি বিধানসভার পাশাপাশি একই অবস্থা ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রেরও। বুথ পরিদর্শনে গিয়ে এবারে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের ইংরেজবাজার বিধানসভার সাধারণ অবজার্ভার। তাঁকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। যা নিয়ন্ত্রণে আনতে কার্যত কালঘাম ছোটে পুলিশের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে মালদা জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রায় এক ঘণ্টার উপরে ঘেরাও করে রাখা হয় নির্বাচন কমিশনের সাধারণ অবজার্ভারকে। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের সাট্টারি গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও বহু গ্রামবাসীর নাম কাটা হয়েছে। এই নিয়ে তারা আতঙ্কে রয়েছেন।