Commercial LPG Cylinder Price: ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় একটা সিলিন্ডার কিনতে কত পড়বে?

কলকাতা: মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে এলপিজি সিলিন্ডার পেতে সমস্যা হচ্ছে। এরই মধ্যে ফের বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল। বুধবার (১ এপ্রিল) থেকে বাণিজ্যিক গ্যাসের দাম ১৯৫.৫০ টাকা বাড়ানো হল। তেল সংস্থাগুলি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধে ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। তার ফলে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল। তবে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে গৃহস্থের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
নতুন এই দাম বৃদ্ধির ফলে দেশের কোন শহরে বাণিজ্যিক গ্যাসের দাম কত হল? দাম বৃদ্ধির পর দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়াল ২০৭৮.৫০ টাকা। কলকাতায় এখন একটি বাণিজ্যিক সিলিন্ডার কিনতে পড়বে ২২০৮ টাকা। সেখানে মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম হল ২০৩১ টাকা। আর চেন্নাইয়ে একটি বাণিজ্যিক সিলিন্ডার কিনতে পড়বে ২২৪৬.৫০ টাকা।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়েছিল আমেরিকা ও ইজরায়েল। এরপর হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। ফলে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহণ বন্ধ হয়ে যায়। বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির সমস্যা দেখা দেয়। মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের আবহে গত ১ মার্চ ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ১১৪.৫ টাকা বাড়ানো হয়েছিল। তারপর এদিন ফের দাম বাড়ল।
অন্যদিকে, গৃহস্থের রান্নার গ্যাসের দাম গত ৭ মার্চ ৬০ টাকা বাড়ানো হয়েছিল। এবার অবশ্য মধ্যবিত্তকে স্বস্তি দিল তেল সংস্থাগুলি। গৃহস্থের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল। প্রসঙ্গত, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতি মাসের ১ তারিখে আন্তর্জাতিক বাজারে তেল ও এলপিজির দামের উঠানামার উপর নির্ভর করে গ্যাসের দাম নির্ধারণ করে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে।