BJP: ‘বাগদায় আমরা গরু-ছাগল বাস করি…’, দলের প্রার্থী আশীর্বাদ চাইতেই ক্ষোভ উগরে দিলেন প্রবীণ বিজেপি নেতা - 24 Ghanta Bangla News
Home

BJP: ‘বাগদায় আমরা গরু-ছাগল বাস করি…’, দলের প্রার্থী আশীর্বাদ চাইতেই ক্ষোভ উগরে দিলেন প্রবীণ বিজেপি নেতা

Spread the love

BJP: ‘বাগদায় আমরা গরু-ছাগল বাস করি…’, দলের প্রার্থী আশীর্বাদ চাইতেই ক্ষোভ উগরে দিলেন প্রবীণ বিজেপি নেতা

বাগদা: প্রচারে বেরিয়েছেন বাগদার বিজেপি প্রার্থী। রাস্তা-ঘাটে লোকজনকে হাতজোড় করে নমস্কার করছেন। বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করছেন। খোশমেজাজেই দেখা যাচ্ছিল তাঁকে। আচমকা সেই প্রচারে তাল কাটল। দলেরই প্রবীণ এক নেতার কাছে আশীর্বাদ চাইতে গিয়ে অস্বস্তিতে পড়লেন বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুর। দলের প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিয়ে বাগদার প্রবীণ বিজেপি নেতা প্রশান্ত হালদার বললেন, “বাগদায় আমরা গরু-ছাগল বাস করি। তাই পাইনি (টিকিট)।”

বাগদায় এবার বিজেপি প্রার্থী করেছে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে। এই আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন ঠাকুর পরিবারেরই মধুপর্ণা ঠাকুর। ননদ-বৌদির লড়াইয়ের মধ্যেই সোমা ঠাকুরের টিকিট পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে মঙ্গলবার বিকেলে বাগদার হেলেঞ্চায় প্রচার শুরু করেন সোমা ঠাকুর। প্রথমে হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে পুজো দেন। পরে রাধাগোবিন্দ মন্দিরের পুজা দেন ।

প্রচারের সময় হেলেঞ্চা বাজারে বর্ষীয়ান বিজেপি নেতৃত্ব প্রশান্ত হালদারের দোকানে গিয়ে তাঁর আশীর্বাদ চান সোমা। বিজেপি নেতৃত্বও প্রশান্ত হালদারকে প্রচারে যোগ দেওয়ার আহ্বান জানান। প্রথমে চুপ করেই ছিলেন প্রবীণ নেতা। তারপর তিনি বলেন, “আমি ১৯৮৮ সাল থেকে বিজেপি করছি। বিজেপির উপর কোনও রাগ নেই।” এরপরই ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “বাগদায় আমরা গরু-ছাগল বাস করি। তাই পাইনি।” তখন বিজেপি প্রার্থী তাঁকে বলেন, “পরে আপনার সঙ্গে কথা বলব।” এরপরই প্রার্থী সেখান থেকে চলে আসেন।

প্রবীণ নেতার এই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে। পরে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে প্রশান্ত হালদার বলেন, “এটা বাগদার মানুষের কথা। আমার কথা নয়। দীর্ঘদিন ধরে বাগদার মানুষ বঞ্চিত। তাদের একটা দাবি ছিল, যেই হোক না কেন, বাগদা থেকে একজন প্রার্থী হবে। আমাদের কথা ছিল এ,বি,সি,ডি যে হোক, বাগদা থেকে প্রার্থী করা হোক। দল সেই দাবিকে মান্যতা দেয়নি।”

এই নিয়ে বিজেপিতে খোঁচা দিতে ছাড়ল না তৃণমূল। তাদের বক্তব্য, সোমা ঠাকুর কবে বিজেপিতে যোগ দিয়েছেন কেউ জানেন না। যদিও বিজেপি প্রার্থী সোমা ঠাকুর বলেন, প্রশান্ত হালদার কী মন্তব্য করেছেন তা তিনি শুনতে পাননি। তিনি বলেন, “আমি আচমকা গিয়েছিলাম। উনি হয়তো চিনতে পারেননি আমি প্রার্থী। কী বলেছেন তা শুনতে পাইনি আমি। তবে উনি জানিয়েছেন পরে কথা বলবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *