IPL 2026 : দেশ নয়, আগে আইপিএল…বিতর্কে শ্রীলঙ্কান ক্রিকেটার! - 24 Ghanta Bangla News
Home

IPL 2026 : দেশ নয়, আগে আইপিএল…বিতর্কে শ্রীলঙ্কান ক্রিকেটার!

Spread the love

IPL 2026 : দেশ নয়, আগে আইপিএল…বিতর্কে শ্রীলঙ্কান ক্রিকেটার!

কলকাতা : শুরু হয়ে গিয়েছে আইপিএল। ইতিমধ্যেই প্রথম ম্যাচ জিতে গিয়েছে আরসিবি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রথম ম্যাচেই দারুন পারফরম্যান্স করেছেন বিরাট কোহলি, দেবদত্ত পাদিক্কাল, রজত পাতিদাররা। ২৬ বল আগে ম্যাচ শেষ করে ইতিমধ্যেই সবথেকে দ্রুত রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে আরসিবি। দলে এবছরও রয়েছে চোটের চিন্তা। চোটের কারণে দলে নেই জোশ হ্যাজলউড। ফিটনেস টেস্টে পাশ করেননি আর এক শ্রীলঙ্কান পেসার নুয়ান থুসারা। কিন্তু এবার আইপিএলে খেলার জন্য নিজের আন্তর্জাতিক কেরিয়ারে প্রশ্নচিহ্ন তুলে দিলেন তিনি নিজেই।

আইপিএলের আগে ফিটনেস টেস্ট হয়েছিল নুয়ান থুসারার। সেই টেস্টে ফেল করেছিলেন তিনি। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের কড়া নিয়ম, কেউ ফিটনেস টেস্টে না পাশ করতে পারলে তিনি বিদেশের কোনও লিগে খেলতে পারবেন না। সেই কারণে দলে থাকা সত্ত্বেও আরসিবির হয়ে প্রথম ম্যাচের আগে যোগ দিতে পারেননি দলের সঙ্গে। এবার শোনা যাচ্ছে, আইপিএলে খেলার জন্য দেশের জন্য খেলার সুযোগ হারাতে পারেন তিনি। তিনি ইঙ্গিত দিয়েছেন, দেশ নয়, তাঁর কাছে জরুরি আইপিএল। শ্রীলঙ্কার বেশ কিছু সংবাদমাধ্যমের মতে, থুসারা শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছেন যে তাঁকে যেন বোর্ডের সেন্ট্রাল কন্ট্র্যাক্টের বাইরে রাখা হয়। ফিটনেস টেস্ট পাশ করতে না পারার পর তাঁর এই মন্তব্য যেন তাঁর কেরিয়ারেই প্রশ্নচিহ্ন ফেলে দিল।

এই মন্তব্যের পর তাঁর আন্তর্জাতিক কেরিয়ার অনিশ্চিত হয়ে পড়েছে। এই মরসুমের নিলামে তাঁকে কোটি টাকায় দলে নেয় আরসিবি। কিন্তু শ্রীলঙ্কান বোর্ডের NOC না পাওয়ার ফলে তাঁর আইপিএল খেলা অনিশ্চিত। আইপিএলে এর আগে থুসারা ৮ ম্যাচে ৯ উইকেট পেয়েছেন। ২০২৪ সালে মুম্বই ইন্ডিয়ান্স দলে খেলেছিলেন তিনি। গতবছরই মুম্বই থেকে তাঁকে দলে নিয়ে নেয় আরসিবি। কিন্তু তিনি খেলেছিলেন মাত্র একটি ম্যাচ। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে থুসারা একজন বিশেষজ্ঞ বোলার। পাওয়ার প্লে ও ডেথ ওভার – এই দুই সময়েই তাঁর বোলিং দক্ষতা অসামান্য। নিখুঁত ইয়র্কার দেওয়ার জন্য পরিচিত থুসারা। শ্রীলঙ্কার হয়ে ৩০ ম্যাচ খেলে নিয়েছেন ৩৬ উইকেট। তাঁর সেরা বোলিং ফিগার ২০ রানে ৫ উইকেট। বাংলাদেশের বিরুদ্ধে এই অভাবনীয় ফল করেছিলেন তিনি। হয়েছিল হ্যাটট্রিকও।

আইপিএলে খেলা নিয়ে এর আগে পিএসএল থেকে আইপিএলে খেলতে চলে এসেছিলেন বেশ কিছু ক্রিকেটার। তাঁদের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন পাক বোর্ডের প্রেসিডেন্ট মহসিন নকভি। এবার আইপিএলে খেলতে চেয়ে নিজের আন্তর্জাতিক কেরিয়ারে প্রশ্নচিহ্ন তোলা ক্রিকেটার হিসেবে হয়ত থুসারা বিশ্বমঞ্চে চর্চিত হয়ে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *